বাংলাদেশ-জাপান সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে জাপানি চিত্রকলা মাঙ্গা ফর্মের কমিক বই ‘‌ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু’র দ্বিতীয় প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে জাপানের টোকিওতে।

গতকাল জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, ‘‌ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু বইটিতে ছবি ও বর্ণনার মাধ্যমে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর অবদান সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।’

বিশেষ অতিথি লেখক ও সাংবাদিক মনজুরুল হক বলেন, ‘‌বঙ্গবন্ধুকে নিয়ে এমন কমিক বই আর হয়নি। এ কমিক বই তিন ভাষায় প্রকাশিত হওয়ায় বাংলাদেশের তরুণদের পাশাপাশি জাপানি তরুণদেরও আকৃষ্ট করবে।’

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় বঙ্গবন্ধুকে নিয়ে এ মাঙ্গা কমিক বই প্রকাশ করা একটি দারুণ ব্যাপার। জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরো একটি ভিন্ন মাত্রা যোগ হলো।

শুক্রবার টোকিওর আকাসাকা প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার হাতে বইটি তুলে দেন বইটির লেখক ও প্রকাশক স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা এমই চৌধুরী শামীম ও বইটির প্রধান পৃষ্ঠপোষক স্কলার্স বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। 

গত ৫ এপ্রিল ঢাকায় বইটির মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।