শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে হাসুরা আক্তার রুমকির ‘‌সেল্ফ অ্যান্ড আদার্স’  শীর্ষক একক চিত্র প্রদর্শনী। বিশিষ্ট শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও সাংস্কৃতিক কর্মী শমী কায়সারের উপস্থিতিতে প্রদর্শনীটির উদ্বোধন হয়।  

হাসুরা আক্তার রুমকির চিত্রকর্মের মূল বিষয় হলো মানুষ। ২০২১1সালে জাপানের কাহাল আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে তিনি গ্র্যান্ড অ্যাওয়ার্ড পান।  রুমকি প্যাস্টেল, অ্যাক্রিলিক, চারকোলসহ অন্যান্য মাধ্যমে দক্ষ। তার চিত্রকর্মগুলো নানা বিষয় তুলে ধরে। সমাজের পরিচিত বিভিন্ন বিষয় তিনি তুলির ছোঁয়ায় ভিন্নভাবে উপস্থাপন করেই আনন্দ পান। ঢাকার রিকশা ও রিকশাচালকদের নিয়ে করা কিছু চিত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। এছাড়া থাকছে মা ও শিশু যুগলের অভিব্যক্তি এবং পায়রার ডানা ঝাপটানোসহ নানা ধাঁচের চিত্র। 

সবার জন্য উন্মুক্ত একক প্রদর্শনীটি চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।