আমেরিকান সিটকম জগতে স্থায়ী এক নাম
‘ফ্রেন্ডস’। এ সুবাদে সিরিজের তারকারা বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের বন্ধুও বটে। দুঃখের
সংবাদ হলো, ভক্তরা হারিয়েছেন ‘ফ্রেন্ডস’-এর অন্যতম তারকা অভিনেতা ও কৌতুকশিল্পী ম্যাথু
পেরিকে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল
শনিবার (২৮ অক্টোবর) ম্যাথু পেরিকে লস অ্যাঞ্জেলেসের বাড়ির বাথটাবে সংজ্ঞাহীন অবস্থায়
পাওয়া যায়। পরে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর।
নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো
‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। এ চরিত্রে ম্যাথুর সংবেদনশীল
কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের
সমীকরণ ভোলার নয়। বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চ্যান্ডলারের চরিত্রকে নতুন উচ্চতায়
নিয়ে যান ম্যাথু।
পর্দায় দর্শকদের হাসালেও ব্যক্তিগত
জীবনে ছিলেন বিষণ্ন প্রকৃতির। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন অভিনেতা। দীর্ঘ দিন নেশা
ছাড়তে লড়াই করেছেন, একাধিকবার রিহ্যাবেও গেছেন। সেই গল্প বিভিন্ন সময়ে ভক্তদের সামনে
তুলেও ধরেছেন তিনি। তবে মৃত্যুর সঙ্গে মাদকের সম্পর্ক পাওয়া যায়নি।
এনবিসি টেলিভিশনে ‘ফ্রেন্ডস’ প্রচার
হয়ে ১৯৯৪ থেকে ২০০৪ সালে। চ্যান্ডলার চরিত্রের জন্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড
পুরস্কার পান ম্যাথু পেরি।
ম্যাথু পেরির জন্ম ১৯৬৯ সালের ১৯ আগস্ট
ম্যাসাচুসেটসের উইলিয়ামস টাউনে। তিনি কানাডার অটোয়াতে বেড়ে ওঠেন এবং সেখানে থাকাকালে
পরবর্তী সময়ের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রাইমারি স্কুলে পড়াশোনাও করেন।
তার মা সুজান মরিসন ছিলেন সাংবাদিক ও জাস্টিনের বাবা প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর
প্রেস সেক্রেটারি।
ম্যাথু পেরির বাবা জন বেনেট পেরি ছিলেন
অভিনেতা ও মডেল। ১৯৭৯ সালে তার বাবার কপ শো ‘২৪০ রবার্ট’-এ অতিথি হিসেবে
উপস্থিত হন ম্যাথু, এতেই তিনি প্রথমবার পরিচিতি পান। ম্যাথুর সৎ বাবা ছিলেন ডেটলাইন
এনবিসির সাংবাদিক কিথ মরিসন।
তরুণ বয়সে ম্যাথু পেরি চলে আসেন লস
অ্যাঞ্জেলেসে। টিভিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেন তখন। ১৯৮৭ থেকে ১৯৮৮ সালের সিরিজ
‘বয়েজ উইল বি বয়েজ’-এ চ্যাজ রাসেল হিসেবে কাজ তাকে এনে দেয় কাঙ্খিত সাফল্য। তারপর
আসে ‘ফ্রেন্ডস’-এ কাজ করার সুযোগ।
টিভি সিরিজ ‘স্টুডিও সিক্সটি অন দ্য
সানসেট স্ট্রিপ’-এও অভিনয় করেন ম্যাথু। এছাড়া ফুলস রাশ ইন, অলমোস্ট হিরোস, দ্য হোল
নাইন ইয়ার্ডস, দ্য হোল টেন ইয়ার্ডস, দ্য রন ক্লার্ক স্টোরি ও সেভেন্টিন অ্যাগেইন সিনেমায়
অভিনয় করেছেন এ তারকা। এছাড়া জনপ্রিয় ভিডিও গেম ‘ফলআউট: নিউ ভেগাস’ ভিডিও গেমে বনি
চরিত্রে কণ্ঠ দেন ম্যাথু পেরি।










