গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় প্রধান দুই সন্দেহভাজন গ্রেফতার হয়েছে। এরা হলেন গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের প্রধান সংগঠক শ্যামকানু মহন্ত। শুরুতে বলা হয়েছিল, গায়ক স্কুবা ডাইভিং করার সময় মারা যান। তবে পরে তার স্ত্রী গরিমা গর্গ জানান যে, সাতার কাটার সময় জুবিনের খিঁচুনি উঠেছিল। জানা যায়, তিনি সিঙ্গাপুরে লাইফ জ্যাকেট ছাড়াই গভীর জলে ডুব দিয়েছিলেন।
সতর্কতা জারির কয়েক দিন পর, পুলিশ শ্যামকানু মহন্তকে সিঙ্গাপুর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করে। সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে আটক করা হয়। জুবিন গর্গের মৃত্যুর মামলায় এ দুজনকেই প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দুই সন্দেহভাজনকে ৬ অক্টোবরের মধ্যে সিআইডির সামনে হাজির হতে বলেছিলেন এবং তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল।
গ্রেপ্তারের পর, আজ সকালে তাদের গুয়াহাটিতে নিয়ে আসা হয় বলে পিটিআইকে জানিয়েছেন একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।
জুবিন গর্গের মৃত্যুর তদন্তে আসাম সরকার একটি ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন স্পেশাল ডিজিপি এমপি গুপ্তা। এরপর, সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশন এবং উৎসবের আয়োজকদের মধ্যে যারা ছিলেন, তাদের অনেককেই নোটিশ পাঠানো হয়েছে।
গায়কের মৃত্যুর কয়েক দিন পর, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে একটি বিবৃতি দেন। তার বিরুদ্ধে গায়কের তহবিল অপব্যবহারের অভিযোগ উঠেছে।
এক চিঠিতে শর্মা লেখেন, তিনি জুবিন গর্গের জীবনে প্রবেশ করেন তার একটি বড় ব্লকবাস্টার হিটের পর। তিনি জানান, গায়কের বেশিরভাগ গান বিভিন্ন মিউজিক কোম্পানি ও প্রোডাকশন হাউজের মালিকানাধীন।
শর্মা লিখেছিলেন, ‘জুবিন দার প্রায় সব গান, এমনকি সবচেয়ে বড় ব্লকবাস্টারগুলোও, আমি তার জীবনে আসার আগেই করা। উনি প্রায়ই দুঃখ করে বলতেন, কিভাবে তাকে ঠকানো হয়েছে। প্রযোজক এবং লেবেলগুলো কোটি কোটি টাকা রোজগার করেছে, আর উনি পেতেন খুব অল্প পারিশ্রমিক। এটা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছ থেকেই যাচাই করা যাবে।’
তিনি আরও জানান, জুবিনের উপার্জনের টাকা সরাসরি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে যেত, যা এখন তার স্ত্রী গরিমা গর্গের হাতে তুলে দেওয়া হবে।
সব অভিযোগ অস্বীকার করে শর্মা বলেন, ‘এই গুজবগুলো ভিত্তিহীন এবং অত্যন্ত কষ্টদায়ক। আমি গায়কের মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের সঙ্গে সহযোগিতা করেছি এবং আগামীতেও করে যাব।’
সূত্র: ইয়ন










