নেটফ্লিক্সের অন্যতম সফল সিরিজ স্ট্রেঞ্জার থিংস। অন্যতম না বলে সবচেয়ে জনপ্রিয় বললেও ভুল হবে না। ৭০০ কোটি মিনিট ভিউ হয়েছে এ সিরিজের। ডাফার ব্রাদার্স নির্মিত সিরিজের গল্পকে এবার মঞ্চে আনা হচ্ছে। ব্রডওয়ে থিয়েটারের প্রযোজক সোনিয়া ফ্রিডম্যান ও নেটফ্লিক্সের যৌথ উদ্যোগে মঞ্চায়ন হবে স্ট্রেঞ্জার থিংস। মঞ্চের জন্য এর নাম হচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস: দ্য ফার্স্ট শ্যাডো’। আগামী ১৪ ডিসেম্বর লন্ডনের ফিনিক্স থিয়েটারে প্রথমবার মঞ্চায়ন হবে।
ডাফার ব্রাদার্স এ সিরিজ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। নেটফ্লিক্স ২০১৬ সালে প্রথম এ সিরিজ স্ট্রিম করে। দুই ভাগে এর চতুর্থ সিজন স্ট্রিম হয় ২০২২ সালের মে ও জুলাইয়ে। সিরিজের পঞ্চম সিজন এখনো স্ট্রিম হয়নি। এটি আগামী বছর স্ট্রিম হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি মঞ্চ সংস্করণটির কাস্ট ঘোষণা করা হয়েছে।
ম্যাট ও রস ডাফার ব্রডওয়ে ড্রামাটির নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন। তারা বলেন, স্ট্রেঞ্জার থিংস: দ্য ফার্স্ট শ্যাডোর শিল্পী নির্বাচন অসাধারণ হয়েছে। এ তারকারা বহুদিন ধরে ব্রডওয়েতে দারুণ সব চরিত্র উপহার দিয়েছেন। স্ট্রেঞ্জার থিংসেও আছে হপার, জয়েস, বব, হেনরি ও ডা. ব্রেনারের মতো অসাধারণ সব চরিত্র। মঞ্চের অভিনেতারা প্রতিনিয়ত অসাধারণ সব চরিত্র নিয়ে আসছেন। এ অভিনেতাদের মঞ্চে আমাদের গল্পে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। লন্ডনে দেখা হবে।’
ব্রডওয়ে নানা সময়ই জনপ্রিয় গল্প নিয়ে নাটক মঞ্চস্থ করে থাকে। সে ধারাবাহিকতায়ই নিয়ে আসছে স্ট্রেঞ্জার থিংস। অবশ্য নেটফ্লিক্সের সিরিজটি যে পরিসরের তা মঞ্চে আনা কঠিন। সে কারণে গল্পকে কিছুটা রূপান্তর করা হচ্ছে এবং এক্ষেত্রে সহযোগিতা করছেন ডাফার ব্রাদার্স। এছাড়া সোনিয়া ফ্রিডম্যানও একজন সফল প্রযোজক। তিনি ২০১৭ সালে প্রডিউসার অব দ্য ইয়ারের পুরস্কার পেয়েছেন। সব মিলিয়ে তাই নেটফ্লিক্সের স্ট্রেঞ্জার থিংস একটি নতুন মাত্রা পেতে যাচ্ছে বলেই মনে হচ্ছে।
সূত্র: ডেডলাইন










