হলিউডের কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। তার সঙ্গে কাজ করা অনেক অভিনেতারই স্বপ্ন। ক্যারিয়ারে স্পিলবার্গের সিনেমায় থাকা একজন অভিনেতার জন্য নিঃসন্দেহে অনেক বড় অর্জন। অথচ স্পিলবার্গকে না করে দিয়েছিলেন অভিনেতা উইল স্মিথ! ‘মেন ইন ব্ল্যাক’ সিনেমায় ‘এজেন্ট জে’ চরিত্রে অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন স্পিলবার্গ। উইল স্মিথ রাজি হননি। স্পিলবার্গও ছাড়বার পাত্র নন। উইল স্মিথকে রাজি করাতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অভিনেতার বাড়িতে হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছিলেন স্পিলবার্গ। হেলিকপ্টারে চড়ে স্পিলবার্গের বাড়িতে গিয়েছিলেন উইল স্মিথ। তখন ১৯৯৭ সাল।

কেভিন হার্টের সঞ্চালনায় ‘হার্ট টু হার্ট’ অনুষ্ঠানের সর্বশেষ এপিসোডের অতিথি ছিলেন উইল স্মিথ। স্টিভেন স্পিলবার্গের সঙ্গে সে সাক্ষাতের ব্যাপারে তিনি বলেন, ‘আমি তখন নিউইয়র্কে ছিলাম। তিনি আমাকে নিয়ে যেতে হেলিকপ্টার পাঠিয়েছিলেন। হেলিকপ্টার থেকে নামার পর তিনি এগিয়ে এসে আমাকে অভিবাদন জানালেন।’ উইল স্মিথ জানান, স্পিলবার্গের বাড়িতেই তিনি প্রথম কোমল পানীয় পান করেছিলেন। কেভিন হার্টকে তিনি মজা করে বলেন, ‘এর পর তো আর কাউকে না করা যায় না!’

উইল স্মিথের কাছে স্টিভেন স্পিলবার্গ জানতে চেয়েছিলেন, তিনি কেন ‘মেন ইন ব্ল্যাক’ সিনেমায় কাজ করতে চান না। উইল স্মিথ বলেন, ‘তিনি বললেন, “আমাকে বলো কেন তুমি আমার সিনেমায় অভিনয় করতে চাও না?”

স্টিভেন স্পিলবার্গের প্রস্তাবে রাজি হয়ে ভুল করেননি উইল স্মিথ। সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল। ক্লাসিক মর্যাদা অর্জন করতেও বেগ পেতে হয়নি। আইকনে পরিণত হন ‘এজেন্ট জে’। তার পরের দুটি সিকুয়ালেও দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। 

সে সময় ‘মেন ইন ব্ল্যাক’ সিনেমায় কাজ করতে না চাওয়ার কারণও জানিয়েছেন উইল স্মিথ। ১৯৯৬ সালে তার ‘ইনডিপেনডেন্স ডে’ সিনেমা মুক্তি পেয়েছিল। সিনেমাটির মূল বিষয়বস্তু ছিল ভিনগ্রহের প্রাণীরা। ‘ম্যান ইন ব্ল্যাক’ সিনেমারও একই বিষয়। এ কারণেই তিনি স্টিভেন স্পিলবার্গের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। 

‘হার্ট টু হার্ট’ অনুষ্ঠানে নিজের প্রাক্তন ম্যানেজার ও দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার জেমস ল্যাসিটারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উইল স্মিথ। তিনি জানান, ল্যাসিটার এমন অনেক চরিত্রে তাকে অভিনয় করাতে রাজি করিয়েছিলেন, যেগুলো পরবর্তী সময়ে আইকনে পরিণত হয়েছিল।

সূত্র: ডেডলাইন