এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। তার অভিনীত নাটকগুলোর প্রতি দর্শকের আগ্রহ দিনদিন বেড়েই চলেছে। তার অভিনীত কিছু পুরনো নাটকও আছে, যা দর্শকের কাছে এরই মধ্যে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। সেসব নাটক নিয়েও দর্শকের মধ্যে আলোচনা চলে। ঠিক তেমনই একটি নাটক হলো ‘প্রেম মানে তুমি’। এটি রচনা ও পরিচালনা করেছেন রেজা মাহমুদ। এতে অলংকারের বিপরীতে অভিনয় করেছেন ফয়সাল দীপ। নাটকটি প্রকাশের পর এ নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পাচ্ছেন অলংকার চৌধুরী। নাটকটিতে অলংকার কথা চরিত্রে অভিনয় করেছেন। অলংকার বলেন, ‘এটি আমার অভিনীত নাটকের মধ্যে অনেক প্রিয় একটি নাটক। নাটকে আমার চরিত্রের নাম কথা। আমি ভীষণ আন্তরিকতা নিয়ে কাজটি করেছিলাম। ইউটিউবে প্রকাশের পর এ নাটকে অভিনয়ের জন্য শুরু থেকেই অনেক সাড়া পেয়ে আসছিলাম।’ এরই মধ্যে অলংকার অভিনীত আরো একটি নাটক দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকটির নাম হলো ‘শেষ থেকে শুরু’। নাটকটি নির্মাণ করেছেন অনন্য ইমন। এতে অলংকার একুশে পদকপ্রাপ্ত দুই জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পী দিলারা জামান ও আবুল হায়াতের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। এটি রচনা করেছেন আল আমিন স্বপন। নাটকটি এক মাসে আগে এনটিভিতে প্রচারের পর ইউটিউবেও প্রকাশিত হয়েছে। এদিকে অলংকার অভিনীত নতুন নাটক এ আর সাইম মৃধা পরিচালিত ‘শেষ হয়েও হলো না শেষ’ শিগগিরই প্রচারে আসছে। এতে তার বিপরীতে আছেন গোলাম কিবরিয়া তানভীর।