সম্প্রতি নিউইয়র্কে বিক্রি হলো শিল্পী এলটন জনের সংগ্রহে থাকা অনেক জিনিস। এর মধ্যে ছিল তার চশমা, ব্যাঙ্কসির একটি ট্রিপটিকসহ (বিশেষ ধারার ছবি) প্রায় ৯০০ বিভিন্ন বস্তু। একাধিক নিলামে বিক্রি হওয়া এলটনের এসব সংগ্রহ তুলে নিয়েছে ২ কোটি ডলারেরও বেশি। অকশন হাউজ ক্রিস্টিজ এ তথ্য প্রকাশ করেছে।

মোট আটটি নিলাম আয়োজন করে ক্রিস্টিজ। এর মধ্যে কয়েকটিতে ক্রেতারা সশরীরে হাজির হয়েছেন আর বাকিগুলো ছিল অনলাইনে। নিলামে এলটন জনের একটি জাম্পস্যুট বিক্রি হয়েছে ১২ হাজার ৬০০ ডলারে। ১৯৭০ সালের এ জাম্পস্যুটের নকশা করেছিলেন অ্যানি রিভি। এটির দাম কমই ছিল। কেননা জনের গ্র্যান্ড পিয়ানোর দাম উঠেছিল ২ লাখ ডলার।

এলটন জনের চশমা তার অন্যতম পরিচয়বাহক। সে কারণেই হয়তো জনের চশমার প্রতি তার ভক্তদের আকর্ষণ থাকে। ২ হাজার ডলার ভিত্তিমূল্য দিয়ে শুরু হওয়া নিলামে তাই একটা চশমা বিক্রি হয়েছে ২২ হাজার ৬৮০ ডলারে। দশ গুণ দাম তুলে দিয়েছে বিডাররা।

জনের ব্যবহৃত এসব জিনিসের বেশির ভাগই এসেছে তার আটলান্টা জর্জিয়ার বাড়ি থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ট্যুরের সময় তিনি এ বাড়িতেই বসবাস করতেন। বাড়িটি তিনি ১৯৯০ সালে কেনেন। বাড়িটিও বিক্রি হয়ে গেছে গত বছর। বাড়ি সম্পর্কে ক্রিস্টিজ বলেছিল, ‘আটলান্টার পরিবেশ ও প্রতিবেশের উষ্ণতায় এলটন মানসিক শান্তি খুঁজে পেতেন।’

পপ তারকাদের ব্যবহৃত বস্তু কেনার বিষয়টি অনেক পুরনো। এজন্য ভক্তরা মোটা টাকা খরচ করতে দ্বিধা করেন না। মাইকেল জ্যাকসন, ব্রিটনি স্পিয়ার্স থেকে শুরু করে এলটন জনের ব্যবহারের জিনিসও নিলামে ভালো মূল্য পেল। গত সেপ্টেম্বরে ফ্রেডি মার্কারির ব্যবহৃত কিছু জিনিস বিক্রি হয়েছিল ৫ কোটি ডলারে।

সূত্র: ইয়ন