আগামী ৩০ জুলাই আসছে বিলি আইলিশের নতুন অ্যালবাম। সোমবার এক ভিডিও বার্তায় তার দ্বিতীয় অ্যালবাম ‘হ্যাপিয়ার দেন এভার’ মুক্তির ঘোষণা দেন মার্কিন এ গায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলি লেখেন, ‘আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম হ্যাপিয়ার দেন এভার আসছে আগামী ৩০ জুলাই।’ তিনি বলেন, ‘এটা আমার জন্য খুবই খুশির একটা খবর। এ নিয়ে আমি খুবই উত্তেজিত, নার্ভাস এবং শ্রোতাদের শোনানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ মুহূর্তে আমার কি যে অনুভূতি হচ্ছে তা বলে বোঝাতে পারব না। এ অ্যালবামটা যে পরিমাণ ভালোবাসা দিয়ে তৈরি করেছি তা এর আগে অনুভব করিনি। আপনারা বুঝবেন আমার কেমন লাগছে। একই সঙ্গে আমার নতুন একটি গান মুক্তি পাবে বৃহস্পতিবার।’

অ্যালবামের শিরোনাম নিয়ে তিনি বলেন, আমি জানি গানটির টাইটেল বিচার করতে গেলে এটি খুবই হাস্যকর টাইটেল এবং কভারে অশ্রুসিক্ত উপস্থিতি আরো হাস্যকর।

গ্র্যামি অ্যাওয়ার্ডে গাওয়া গানের পাশাপাশি মাই ফিউচার ও দেয়ারফোর আই অ্যাম গান দুটি শোভা পাবে এ অ্যালবামে। তবে সম্প্রতি রসিলার সঙ্গে গাওয়া গানটি থাকছে না অ্যালবামে। প্রথম অ্যালবামের মতো এবারো গান লেখা ও প্রযোজনা সহযোগী হিসেবে আছেন তার ভাই।

ফেব্রুয়ারিতে বিলি স্টিফেন কলবার্টকে বলেছিলেন, তিনি লকডাউনে একটি নতুন অ্যালবাম রেকর্ড করছেন। ২০১৬ সালে অভিষেক হওয়ার পর লম্বা বিরতি দিয়ে নিয়ে আসছেন দ্বিতীয় অ্যালবাম।

অ্যালবাম প্রসঙ্গে এ মার্কিন গায়িকা বলেন, ‘আমার মনে হয় না, করোনা না এলে এ অ্যালবামটি বানাতে পারতাম। তার মানে এই নয়, অ্যালবামটি করোনা নিয়ে। এটা সেই সম্পর্কে যখন আপনি মনে করেন আপনার জীবনে সবকিছু আলাদা হয়ে যাচ্ছে। তবে আমাকে করোনাভাইরাসকে ধন্যবাদ জানাতে হবে।’

 

সূত্র: ভ্যারাইটি