শাহরুখ খান অভিনীত সিনেমা জওয়ান। এর ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’ গানটি প্রভূত জনপ্রিয়তা পেয়েছে। গানে শাহরুখ খান অভিনীত দুটি চরিত্রকেই দেখা গেছে। একটি বিক্রম রাথোর ও অন্যটি তার ছেলে আজাদ। অভিনেতা একজন হলেও দুই চরিত্রের লুক ছিল ভিন্ন। আর এজন্য শাহরুখ খানকে নিতে হয়েছিল ভারী মেকআপ। মেকআপের একেকটি সেশন হতো বেশ দীর্ঘ। সম্প্রতি গানটির কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট জানালেন, মেকআপের একটি সেশনের জন্যই লাগত প্রায় আড়াই ঘণ্টা।
জুমের সঙ্গে এক সাক্ষাৎকারে বৈভবী বলেন, ‘প্রস্থেটিক মেকআপের জন্য শাহরুখ খানকে আড়াই ঘণ্টা বসে থাকতে হতো একটা চেয়ারে। পুরো সময় ধরে তাকে মেকআপ দেয়া হতো। এ নাচের শুটিং হয়েছিল বোল্ট ক্যামেরায়। এটি এক ধরনের মোশন সেন্সর ক্যামেরা। আর এ ক্যামেরা প্রোগ্রাম করতেও ২ ঘণ্টার বেশি সময় লাগে। আমরা ক্যামেরাকে প্রি-প্রোগ্রাম করে একটা শুট করতাম। তারপর আড়াই ঘণ্টা আবার চেয়ারে। তারপর আবার শুট।’
জওয়ানে বিক্রম রাথোর চরিত্রটি প্রবীণ। ফলে তার লুক দেয়ার জন্য শাহরুখের মুখে বিশেষ প্রস্থেটিক মেকআপ দেয়ার প্রয়োজন হয়েছে। আর নাচে যেহেতু আজাদ ও বিক্রমকে পাশাপাশি দেখানো হয়েছে, এর জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়েছিল বৈভবীকেও। তিনি ক্যামেরাম্যান নন, কিন্তু কীভাবে কোরিওগ্রাফ করলে ক্যামেরায় ধরতে সুবিধা হবে, তা বুঝতে বৈভবীকে ক্যামেরার বিষয়টি বুঝতে হয়েছে।
শুটিংয়ের সুবিধার জন্য প্রথমে বিক্রম রাথোরের অংশ শুট করা হতো। বৈভবী বলেন, ‘আমরা প্রথমে বিক্রম রাথোরের অংশ শুট করতাম। কারণ এটা করতে সময় লাগবে বেশি। অন্যদিকে আজাদের চরিত্রের শুটিং করার আগেও সময় নিতে হতো, কেননা সেখানে আগের মেকআপ তোলার একটা ব্যাপার ছিল। কিন্তু সেটা তুলনামূলক কম সময় নিত। এখন একটা কথা বলে রাখি, আমরা একটা এসি রুমে এ কাজ করতাম কিন্তু তার পরও শাহরুখ কুলকুল করে ঘামত।’
৫৭ বছর বয়সী শাহরুখ খানের প্রশংসা করেছেন বৈভবী। তিনি বলেন, ‘আমরা যখন শট সেট করি, তখন ঘণ্টার পর ঘণ্টা বসে অপেক্ষা করা সহজ নয়। তারপর আবার নাচতে হবে। আমার মনে হয়, এসব ম্যানেজ করে করতে আলাদা রকম ডিএনএ দরকার হয়। শাহরুখের আছে। সবার থাকে না।’
শাহরুখ অমানুষিক পরিশ্রম করেছেন সিনেমাটির জন্য। বৈভবী আরো জানান, ’নট রামাইয়া ভাস্তাভাইয়া’ শুট করার কথা ছিল আবু ধাবিতে। কিন্তু কয়েকটি স্তরের প্রস্থেটিক নেয়া শাহরুখের পক্ষে তীব্র গরমে শুট করা সম্ভব ছিল না। গানটি শুট করতে সময় লেগেছিল ১৫ দিন।
ছবি ও সূত্র: জুম টিভি










