সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থা ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’ পুনর্গঠন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। ১৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত এ ট্রাস্টি বোর্ডে আগামী তিন বছরের জন্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, নির্মাতা আশফাক নিপুন ও অভিনেত্রী নওশাবা আহমেদ।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (১৫ সেপ্টেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আয়েশা সিদ্দিকা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়।

১৫ সদস্যের এ বোর্ডে আরো রয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, কবি-প্রাবন্ধিক নাহিদ হাসান নলেজ, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, নাট্যব্যক্তিত্ব সামিনা লুৎফা, কবি ইমতিয়াজ মাহমুদ, কথাসাহিত্যিক সাইয়েদ জামিল প্রমুখ।

প্রসঙ্গত, অসচ্ছল ও অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি দেয়ার মতো কর্মকাণ্ড পরিচালনায় ২০২২ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা করে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট। ২০০১ সালে শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন হওয়ার ১০ বছর পর ১৭ সদস্যের বোর্ড গঠন করা হয়। এরপর ২০২০ সালের ১৬ মার্চ বোর্ড পুনর্গঠন করা হয়।