দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা। আজ পথচলার ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করেছে এটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাত ১০টা ৩০ মিনিটে চ্যানেলটিতে প্রচার হবে বিশেষ নাটক ‘৯ ডিসেম্বর সন্ধ্যায়’। মিনাল হাবিবি অর্থি ও সিয়াম খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তিহান খান। অভিনয় করেছেন খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, আসিফ একটা পত্রিকা অফিসে চাকরি করে। আজ তার জন্মদিন। সকালে প্রেমিকা ফাতিমার ফোনে ঘুম ভাঙে। বিকালে তার সঙ্গে দেখা করতে যায়। ফাতিমা তাকে একটা পুরনো ঘড়ি উপহার দেয়। ঘড়িটা অচল ছিল। পথে এক মেকারের কাছ থেকে ঘড়িটা ঠিক করে নেয়। কয়েকদিন পর তার সঙ্গে দেখা হলে আচমকাই আসিফ তাকে বলে, ‘চলো বিয়ে করে ফেলি।’ যেই কথা সেই কাজ। বিয়ে করে ফাতিমাকে ঘরে তোলে আসিফ। সকালে ঘড়ির অ্যালার্মের শব্দে আসিফের ঘুম ভাঙে। ঘরে সে ছাড়া কেউ নেই। আসিফ লাফিয়ে ওঠে। ডিজিটাল ক্যালেন্ডার চেক করে। আজ ১০ ডিসেম্বর। হাফ ছেড়ে বাঁচে সে। সময়ের ফাঁদ থেকে বের হতে পেরেছে তাহলে! এমন সময় পাশের রুম থেকে ফাতিমা চা নিয়ে হাজির হয়। আসিফের তখনই মনে হয় যে গতকাল সন্ধ্যায় তাদের বিয়ে হয়েছে। দুজনের রোমান্টিক খুনসুটি হয়। ফাতিমা রান্না ঘরে চলে যায় অন্য কাজে। নাম্বারের পাশে নাম লিখে রাখে, তার পাশে ব্র্যাকেটে একটা তারিখ লেখে। এভাবেই এগিয়ে যায় নাটকটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোমান্টিক ঘরানার গল্পই বেছে নিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ। নাটকটি দর্শক উপভোগ করবেন বলে তাদের বিশ্বাস।










