‘‌অ্যানিমেল’ থেকেই নিয়মিত আলোচনায় থাকছেন তৃপ্তি দিমড়ি। বেশকিছু সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন। এর মধ্যে আছে ‘বুলবুল’, ‘কলা’ ও ‘লায়লা-মজনু’। তিনটি সিনেমায়ই দারুণ অভিনয় করেছেন তিনি। বুলবুল ও কলা নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু অ্যানিমেলে তার চরিত্র ও অভিনয় নিয়ে যেভাবে আলোচনা হয়েছে তা আগে হয়নি। ভারতের জাতীয় ক্রাশে পরিণত হয়েছিলেন তৃপ্তি। এছাড়া তাকে ‘ভাবি’ বলে সম্বোধন করা শুরু হয়েছিল। এদিকে সম্প্রতি ‘ব্যাড নিউজ’ সিনেমার একটি গানের জন্য আবারো ভাইরাল হয়েছেন তিনি।

সিনেমার ‘জানাম’ গানে তৃপ্তিকে দেখা গেছে ভিকি কৌশলের সঙ্গে। গানটিতে ভিকির সঙ্গে তিনি অন্তরঙ্গ দৃশ্যে ছিলেন। কেবল তাকেই নয়, এ ধরনের ডান্স স্টেপ ভিকির জন্যও নতুন। তিনি নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন তা স্পষ্ট। কিন্তু তৃপ্তির এ নতুন অবতার নিয়ে দর্শক খুশি নন।

কলার মতো সিনেমায় অভিনয়ের পর দর্শক তৃপ্তির কাছ থেকে কাহিনীভিত্তিক সিনেমা আশা করেছিল। কিন্তু তিনি সে ধারায় না হেঁটে জনপ্রিয় ধারায় হাঁটতে শুরু করলেন। এ নিয়ে অনেকের মধ্যেই অসন্তোষ দেখা গেছে। তারা বলছেন, ‘এ যেন নতুন রাখি সাওয়ান্ত।’ আবার কেউ তৃপ্তির প্রশংসাও করছেন। তাদের মতে, তৃপ্তি নিজেকে একটা ফ্রেমে বেঁধে না রেখে নিজেকে ছড়িয়ে দিচ্ছেন।

গানটি নিয়ে তৈরি হচ্ছে রিল ও ডান্স কভার। ফলে এ নিয়ে ইউটিউবে এখন গানটি ট্রেন্ডিংয়ে। সব মিলিয়ে তৃপ্তির সমালোচনা হলেও এ গানের কারণে তিনি এগিয়েও যাচ্ছেন।