মার্ভেলের নতুন সিনেমা ‘দ্য মার্ভেলস’ আগামীকাল মুক্তি পাচ্ছে। ক্যাপ্টেন ও মিস মার্ভেলকে প্রধান চরিত্রে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। মুক্তির মাত্র তিনদিন আগে এল সিনেমাটির নতুন ট্রেলার। মার্ভেল একে বলছে ফাইনাল ট্রেলার। সিনেমাটি নতুন করে কিছু অংশ শুট করার পরই এল ট্রেলারটি। এর মধ্য দিয়ে মার্ভেল তাদের অন্য সিনেমার সঙ্গে যুক্ত করছে দ্য মার্ভেলসকে। নতুন ট্রেলারে দেখা গেল টেসা থমসনের একটি ঝলক। তিনি মার্ভেলে অভিনয় করেছেন ভ্যালকারি চরিত্রে। তবে চরিত্রটি যুক্ত থরের সঙ্গে। সেখান থেকে ধারণা করা যাচ্ছে থরের গল্পের সঙ্গেও যুক্ত হচ্ছে দ্য মার্ভেলস।
সিনেমার ফাইনাল ট্রেলারে দেখা যায় ক্যাপ্টেন মার্ভেলকে তিনি বলছেন, ‘একা লড়ার চেয়ে একত্রে লড়াই করা ভালো।’ বোঝা যাচ্ছে সিনেমায় তিনি আসছেন ক্যাপ্টেন মার্ভেল ও মিস মার্ভেলের সাহায্যে।
টেসাকে মার্ভেলে প্রথম দেখা যায় ২০১৭ সালে। তিনি অভিনয় করেছিলেন ‘থর: র্যাগনারক’ সিনেমায়। সেখানেই ভ্যালকারির সঙ্গে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের দর্শকের পরিচয়। লড়াকু জাতির এ প্রতিনিধি থরকে সাহায্য করেন অ্যাসগার্ডের লোকজনকে বাঁচাতে। ভ্যালকারিও থেকে যান থরের সঙ্গে। ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ ও গত বছর ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমায় তিনি ফিরেছিলেন একই চরিত্রে। এবার ‘দ্য মার্ভেলস’ সিনেমায় একই চরিত্রে তিনি ফিরছেন।
মার্ভেল পুরনো ধারায় বা পুরনো চরিত্রদের কাছে ফিরছে এমন গুঞ্জন চলছিল। দ্য মার্ভেলসের ট্রেলারের শুরুতেই অ্যাভেঞ্জার্সের পুরনো ফুটেজ দেখা যায়। ট্রেলার শুরুই হয়েছে আয়রন ম্যান ও পরে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের দৃশ্য দিয়ে। সেখান থেকে এ ধারণা আরো পোক্ত হচ্ছে। সিনেমায় নিক ফিউরির সংযুক্তি অনেক বেশি। ধারণা করা হচ্ছে তিনি আবার একটি অ্যাভেঞ্জার্স টিম তৈরি করছেন নতুনদের নিয়ে। কিন্তু কারা থাকছে সেখানে?
অবশ্যই ক্যাপ্টেন মার্ভেল। তিনি হতে পারেন প্রধান। তার সঙ্গে থাকছে মিস মার্ভেল। এ দুই চরিত্রে অভিনয় করছেন ব্রি লারসন ও ইমান ভেলানি। এর সঙ্গে আরো থাকছেন নিক ফিউরি।
টেসা থমসনকে সর্বশেষ দেখা গেছে ‘ক্রিড থ্রি’তে। সিনেমাটি মুক্তি পেয়েছে এ বছর। সফলও হয়েছিল মাইকেল জর্ডান ও জোনাথন মেজর্স অভিনীত সিনেমাটি। টেসা কতটা স্ক্রিনটাইম পাবেন দ্য মার্ভেলসে তা নিশ্চিত নয়, তবে এর মাধ্যমে মার্ভেলের সিনেমা নতুন মোড় নেবে বলে মনে করছেন অনেকে।
সূত্র: ডেডলাইন










