বলিউড পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা। উই আর ফ্যামিলি ও হিকির মতো সিনেমা তৈরি করে কুড়িয়েছেন দর্শক প্রশংসা। তবে এবার বেশ লম্বা বিরতির পর ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে ফিরেছেন ‘মহারাজ’ সিনেমা নিয়ে। যে সিনেমার প্রধান চরিত্রে অভিনেতা জয়দীপ আহলাওয়াত ছিলেন মূলত একটি শক্তিশালী খলনায়কের চরিত্রে। তবে নির্মাতা সিদ্ধার্থ জানিয়েছেন, এ চরিত্রের জন্য তার প্রথম পছন্দ ছিল প্রয়াত অভিনেতা ইরফান খান।

সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা প্রকাশ করেছেন, তিনি ও তার পুরো টিম ভেবেছিলেন ইরফান খানই একমাত্র ব্যক্তি, যিনি সিনেমার নাম ভূমিকার জন্য উপযুক্ত হবেন। সিদ্ধার্থ বলেন, ‘ইরফান খান ছাড়া এ চরিত্রে অভিনয় করতে পারে এমন আর কেউ ছিল না।’ 

২০২০ সালে ইরফানের মৃত্যুর পরে অভিনেতা জয়দীপের কথা ভাবলে জয়দীপ চরিত্রটি নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন। সে জায়গা থেকে পরিচালক বলেন, ‘‌আমি জয়দীপ স্যারকে বলেছিলাম বর্তমানে একমাত্র অভিনেতা হিসেবে এ চরিত্রের জন্য তিনিই আছেন। নিঃসন্দেহে তিনি আমাদের সেরা অভিনেতাদের একজন। তবে তাকে এ চরিত্রে রাজি করাতে আমার বেশ সময় লেগেছে।’

সিদ্ধার্থ পরিচালিত এবং ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এ সিনেমায় মহারাজের বিপরীতে সিনেমার গল্পে প্রাণ জুগিয়েছেন আমির পুত্র জুনায়েদ খান। প্রথম ভূমিকায় জুনায়েদ, জয়দীপ ও শালিনী পান্ডের পাশাপাশি নতুন মুখ হিসেবে দেখা গেছে অভিনেত্রী শর্বরীকেও। 

সূত্র: হিন্দুস্তান টাইমস