করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পেয়েছে ২৮ জুলাই । এ সিনেমার মধ্য দিয়ে প্রায় সাত বছর পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি এক সপ্তাহের মধ্যে আয় করেছে ৭০ কোটি রুপির বেশি। হিন্দি সিনেমার দুর্দিনে বক্স অফিসকে সুসংবাদ দিচ্ছে সিনেমাটি। এমনকি মুক্তির পরপর পাইরেসি হয়ে গেলেও সিনেমার আয় কমেনি।
শুরু থেকেই ভালো আয় ছিল রকি অউর রানির। মুক্তির প্রথম দিন আয় করেছে ১১ কোটি রুপির বেশি। দ্বিতীয় দিনে আয় ছিল প্রায় ১৭ কোটি রুপি। কভিড পরবর্তী সময় এ রকম আয় বলিউডের জন্য আশার বিষয়। কিন্তু বেশ কয়েকটি কারণে সিনেমাটি ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা ছিল। এর প্রথম কারণ পাইরেসি।
রকি অউর রানি কি প্রেম কাহানি ভালো আয় করত কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাইরেসি বের হওয়ায় সিনেমাটি ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। এখনো অনেক সার্ভার ও সাইটেও পাওয়া যাচ্ছে সিনেমার পাইরেটেড কপি। তবে পাইরেসির পরও দর্শক যাচ্ছেন থিয়েটারে।
এছাড়া সিনেমাটি বিনোদনমূলক হলেও নতুন কিছু নেই বলে অভিযোগ অনেকের। আইএমডিবিতে সিনেমাটির রেটিং তুলনামূলক কম। কিন্তু সিনেমা যখন করণের তখন বিনোদনের উপাদানের কমতি নেই। সিনেমার গল্প বাদ দিলেও এর বিনোদন উপাদান দর্শককে থিয়েটারে টানছে।
সূত্র: কোইমোই










