স্বাধীন ধারার সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব রেইনড্যান্স। গত ২৫ অক্টোবর লন্ডনে শুরু হয়েছিল উৎসবের ৩১তম আসর। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘রেইনড্যান্স’ চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয়েছে নুহাশ হুমায়ূনের আন্থোলজি সিরিজ ‘পেট কাটা ষ’। রেইনড্যান্স উৎসব নিয়ে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

এ উৎসবে সেরার পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত নুহাশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উৎসবের কয়েকটি ছবি শেয়ার করেছেন এ তরুণ নির্মাতা। তিনি বলেন, ‘রেইনড্যান্স উৎসবের সেরা পুরস্কারে বাংলা নাম শুনতে পারা দারুণ ব্যাপার ছিল। রেইনড্যান্স প্রোগ্রাম ও বিচারকদের ধন্যবাদ।’

গত বছর ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পায় চার পর্বের অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’। তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি করেছেন অ্যান্থোলজি ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’। লোকমুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এ সিরিজ।

‘এ বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলো মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়। সাধারণ দর্শক থেকে দেশী-বিদেশী নির্মাতা, অভিনয়শিল্পীরা হরর এ সিরিজের তারিফ করেন। এর আগে আরেকটি মর্যাদাপূর্ণ উৎসব রটারড্যাম চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়ন পেয়েছিল ‘পেট কাটা ষ’। এরা আগে সিরিজটি নিয়ে পরিচালক নুহাশ হুমায়ূন জানান, কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জিন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এসব ক্ল্যাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এ গল্পগুলোকে এক স্ক্রিনে আনার সময় এসেছে। এ গল্পগুলো উপলব্ধি করার সময় এসেছে। ‘পেট কাটা ষ’তে সেই ক্ল্যাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।

বহুল আলোচিত এ সিরিজে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু প্রমুখ।