একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী জাহানারা আহমেদ। তাকে নিয়ে বেশ কয়েক বছর আগে আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াত একটি নাটক নির্মাণ করেছিলেন। আরো একবার একটি ভালো গল্পে জাহানারা আহমেদকে নিয়ে তিনি নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন।
আবুল হায়াত বলেন, ‘জাহানারা আপা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের গর্ব। আমি তাকে নিয়ে বেশ কয়েক বছর আগে একটি নাটক নির্মাণ করেছিলাম। এরপর আসলে তাকে নিয়ে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। তার শরীরটাও এখন আর আগের মতো ভালো নেই। আমারও ইচ্ছে আছে ভালো গল্প পেলে তাকে নিয়ে একটি শেষ নাটক নির্মাণ করতে চাই, যদি তিনি সুস্থ বোধ করেন। তা না হলে তো সম্ভব নয়। এখন সময়ই বলে দেবে তাকে নিয়ে কাজটি আমি করতে পারব কিনা। জাহানারা আপা ভীষণ গুণী একজন শিল্পী। তিনি নিজেও নাটক রচনা করেন। যে কারণে তার সঙ্গে কাজ করার আনন্দটাও অন্য রকম। আল্লাহ চাইলে যদি সময় সুযোগ ব্যাটে বলে মেলে, তবে আরেকটি কাজ করার প্রবল ইচ্ছে রাখি। বাকিটা আসলে সময়ের ব্যাপার।
জাহানারা আহমেদ বলেন, ‘এখন শরীর ভালো না। আর কখনো অভিনয় করা হবে কিনা একমাত্র আল্লাহই জানেন।’ আবুল হায়াতের রচনায় ও পরিচালনায় জাহানারা আহমেদ ‘বাবা তোমার হাতটা একটু ধরি’ নাটকে অভিনয় করেছিলেন। নাটকটি এটিএন বাংলায় প্রচার হয়েছিল। জাহানারা আহমেদ রচিত সর্বশেষ প্রচারিত ধারাবাহিক নাটক ছিল ‘লকেট’। এটি বিটিভিতে প্রচার হয়েছিল।










