বলিউড অভিনেতা-অভিনেত্রীরা রিয়েল এস্টেটে বিনিয়োগ বাড়াচ্ছেন। কিছুদিন আগেই সুহানা খান আলীবাগে কিছু ভূসম্পত্তি কিনেছিলেন। এর আগে রণবীর সিং, অজয় দেবগনও কিনেছেন। তাদের দলে যুক্ত হলেন টাইগার শ্রফ। সম্প্রতি তিনি পুনেতে ৭ কোটি ৫০ লাখ রুপি (১৫ কোটি টাকা) মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন। অ্যাপার্টমেন্টের আয়তন ৪ হাজার ২৪৮ বর্গফুট। এটি পঞ্চশীলের ’ইউপুনে’ প্রজেক্টের অংশ। পুনের রিয়েল এস্টেটগুলোর মধ্যে অন্যতম হলো পঞ্চশীল রিয়েলটি। হাউজিং ডটকমের প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়।
রিয়েল এস্টেট ডাটা প্লাটফর্মের জ্যাপকির তথ্যানুসারে, ২০২৪ সালের ৫ মার্চ স্রফ আনুষ্ঠানিকভাবে বাড়িটি রেজিস্ট্রেশন করেন। সেখানে তিনি ৫২ লাখ ৫০ হাজার রুপি মূল্যের স্ট্যাম্প ডিউটি প্রদান করেন। তবে কেনার পর পরই অভিনেতা একটি প্রতিষ্ঠানের কাছে বাড়িটি ভাড়া দেন। পানীয় কোম্পানি চেরিস ইন্ডিয়া প্রাইভেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন স্রফ। পাঁচ বছর মেয়াদি এ চুক্তিতে মাসিক সাড়ে ৩ লাখ রুপি ভাড়া পাবেন এ অভিনেতা।
বর্তমান ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক টাইগার শ্রফ। ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। প্রায় ১০ বছর সময় ধরে আছেন এ ইন্ডাস্ট্রিতে। দর্শককে উপহার দিয়েছেন বেশকিছু হিট সিনেমা। সিনেমা থেকে ভালোই আয় হয় তার। সেখান থেকে তিনি রিয়েল এস্টেটে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন, তা বোঝাই যাচ্ছে।
এবারই প্রথম নয়, এর আগেও টাইগার শ্রফ বিনিয়োগ করেছেন রিয়েল এস্টেটে। পুনের সদ্য কেনা বাড়িটি ছাড়াও মুম্বাইয়ের খার এলাকায় তার একটি ফ্ল্যাট রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩৫ কোটি রুপি (৭০ কোটি টাকা)।
৩৪ বছর বয়সী টাইগার বর্তমানে ‘বাড়ে মিয়া ছোট মিয়া’র মুক্তির জন্য অপেক্ষা করছেন।
সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা










