কল্যাণী প্রিয়দর্শন অভিনীত সিনেমা লোকা: চ্যাপ্টার ওয়ান। এতে তার সঙ্গে অভিনয় করেছেন নাসলেন গফুর। সিনেমাটি পরিচালনা করেছেন ডমিনিক অরুণ। প্রযোজনা করেছেন মালয়ালম তারকা দুলকার সালমান। সুপারহিরো ঘরানার সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে সাফল্য পেয়েছে। ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত এ চলচ্চিত্র এরই মধ্যে বৈশ্বিকভাবে ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। এটি এখন ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী মালয়ালম সিনেমায় পরিণত হয়েছে।

ভারতের বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান সাচনিল্ক জানাচ্ছে, ১৪তম দিনে লোকা আয় করেছে ৪ কোটি ২৫ লাখ রুপি। ভারতের বক্স অফিস থেকে সিনেমার মোট নেট আয় দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৭৫ কোটি রুপি। আর ৬০ কোপি রুপি আয় করলে এটি মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বকালের সর্বোচ্চ আয়কারী ব্লকবাস্টার হয়ে যাবে।

সর্বোচ্চ আয় করা মালয়ালম সিনেমার তালিকার শুরুতে আছে লুসিফার টু: এমপুরান। সিনেমাটির আয় ২৬৮ কোটি রুপি। মঞ্জুম্মেল বয়েজ আয় করেছিল ২৪২ কোটি ৩০ লাখ রুপি এবং তুদারুম ২৩৭ কোটি ৭৬ লাখ রুপি।

পরিচালক প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী অভিনীত এ ছবি মুক্তি পেয়েছে ২৮ আগস্ট। সিনেমাটি মালয়ালম ইন্ডাস্ট্রির একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র ১৩ দিনেই সিনেমাটি ৬০০ শতাংশ মুনাফা দিয়েছে প্রযোজককে। বুধবার লোকা: চ্যাপ্টার ওয়ান মালয়ালম ভাষাভাষী অঞ্চলে ৪১ দশমিক ৩২ শতাংশ দর্শক পেয়েছে। সকালের শোয় ছিল ২২ দশমিক শূন্য ৭ শতাংশ, দুপুরের শোয় ৩৪ দশমিক ৯৬ শতাংশ, সন্ধ্যায় ৪৯ দশমিক ৪১ শতাংশ এবং রাতের শোয় সর্বোচ্চ ৫৮ দশমিক ৮২ শতাংশ দর্শক। কোল্লাম অঞ্চলে সর্বোচ্চ ছিল ৭২ শতাংশ দর্শক। অন্যদিকে তেলেগুভাষী অঞ্চলে ১৬ দশমিক ৬৭ শতাংশ দর্শক পেয়েছে লোকা।

সিনেমাটির সাফল্যের পর দুলকার সম্প্রতি এক অনুষ্ঠানে ঘোষণা দেন যে তিনি লোকা পার্ট ১ ও এর ভবিষ্যৎ পর্বগুলোর মুনাফা তার টিমের সঙ্গে ভাগ করে নেবেন। তিনি বলেন, ‘লোকা: চ্যাপ্টার ওয়ান ও পরবর্তী সব পর্বের মুনাফা আমি টিমের সবার সঙ্গে ভাগ করে নেব, কারণ সত্যিই এটা তাদের প্রাপ্য।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস