বাংলার বহুল প্রচলিত প্রবাদ বিড়ালের ভাগ্যে শিঁকে ছেঁড়া। অর্থ সৌভাগ্যক্রমে কোনো সুযোগ-সুবিধা লাভ করা। ক্রিস্টোফার নোলানের ক্ষেত্রে ব্যাপারটা সুযোগে পেয়ে যাওয়ার মতো নয় অবশ্য। অনেকদিন ধরেই তিনি অস্কারের দৌড়ে এগিয়ে থাকা নির্মাতা। কিন্তু যে কারণেই হোক, সর্বোচ্চ প্রশংসিত নির্মাতাদের একজন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত অস্কার পাননি তিনি। তবে মনোনীত হয়েছেন মেমেন্টো (২০০২), ইনসেপশন (২০১১) ও ডানকার্কের (২০১৮) জন্য। এ বছর পেয়েছেন তিনটি মনোনয়ন। সব মিলিয়ে চার দফায় মনোনীত হয়েছেন আটটি পুরস্কারের জন্য। অনেকেই মনে করছেন ‘ওপেনহাইমার’-এর জন্য এবার পেয়েই যাবেন অস্কারটা।
আসন্ন ৯৬তম অস্কারের জন্য ওপেনহাইমার পেয়েছে সর্বোচ্চ মনোনয়ন। মঙ্গলবার ঘোষিত চূড়ান্ত মনোনয়নে দেখা যাচ্ছে ১৩টি বিভাগে মনোনীত হয়েছে ক্রিস্টোফার নোলানের এ সিনেমা। এর মধ্যে আছে সেরা অভিনেতা, সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন।
অস্কারের এবারের মনোনয়ন বেশ আগ্রহজাগানিয়া। প্রধান বিভাগগুলোয় থাকবে জোর প্রতিযোগিতা। কেননা চূড়ান্ত মনোনয়নের তালিকার দিকে চোখ রাখলেই দেখা যাবে বাঘা বাঘা অভিনেতা, পরিচালকের নাম পাশাপাশি। যেমন সেরা পরিচালকের তালিকায় আছেন জাস্টিন ট্রেইট, মার্টিন স্করসেসি, ক্রিস্টোফার নোলান, ইয়গোর্স ল্যান্থিমোস প্রমুখ। এ বছর অস্কারের দৌড়ে ওপেনহাইমারের পরেই আছে ‘পুওর থিংস’। ল্যান্থিমোসের এ সিনেমা ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে।
কিন্তু ক্রিস্টোফার নোলানের ক্ষেত্রে হিসেব আরেকটি জায়গায় বদলে যেতে পারে। এ বছর সেরা পরিচালকের তালিকায় আছেন মার্টিন স্করসেসিও। প্রবীণ এ নির্মাতার ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ এগিয়ে আছে সমালোচকদের দৃষ্টিতে। নেটিভ আমেরিকানদের জীবনের একটা অংশ নিয়ে নির্মিত এ সিনেমা স্করসেসির সেরা সিনেমার একটি হিসেবে এরই মধ্যেই স্বীকৃত। লিলি গ্ল্যাডস্টোন আছেন সেরা অভিনেত্রীর চূড়ান্ত তালিকায়। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন রবার্ট ডি নিরো।
নোলানের সঙ্গে মার্টিন স্করসেসির কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু সেরা পরিচালকের পুরস্কারের জন্য স্বাভাবিকভাবেই অস্কার কমিটির প্রথম বিবেচনা হবেন মার্টিন স্করসেসি। তা হলেও যে ক্রিসের সুযোগ কমে যাচ্ছে এমন নয়। ওপেনহাইমার এগিয়ে থাকছে বেশ কয়েকটি কারণে। প্রথমত ওপেনহাইমার নিয়ে যে আলোচনা তৈরি হয়েছিল, তা এ সিনেমাকে টেনে নিয়ে যাবে। তবে সেখান থেকে একটা ধারণা অনেকেই করছেন যে দুটি সিনেমার একটিকে সেরা সিনেমা ও অন্যটির জন্য সেরা পরিচালকের পুরস্কার দেয়া হবে। অর্থাৎ কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন ও ওপেনহাইমার থেকে একটি সেরা সিনেমা ও অন্যটি সেরা পরিচালকের পুরস্কার পাবে।
এবারের গোল্ডেন গ্লোবে পুরস্কৃত হয়েছেন ক্রিস্টোফার নোলান, কিলিয়ান মারফি, রবার্ট ডাউনি জুনিয়র। অন্যদিকে সেরা অভিনেত্রী হয়েছেন লিলি গ্ল্যাডস্টোন। অস্কার বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন গোল্ডেন গ্লোবের প্রতিফলন হতে পারে অস্কারে।
সব মিলিয়ে আগ্রহের কেন্দ্রে থাকছে ওপেনহাইমার, পুওর থিংস ও কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন। তবে নোলান একটা পুরস্কার পাচ্ছেন এবার তা সবাই প্রায় নিশ্চিত।
ছবি: বিলবোর্ড










