আগামী নভেম্বরে দেবের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয় অভিনেত্রী ফারিণের নতুন সিনেমার শুটিং হওয়ার কথা ছিল। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না অভিনেত্রীর। সর্বশেষ তথ্যমতে, কাজটি ছেড়ে দিতে হচ্ছে ফারিণকে।
ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রতীক্ষা’ সিনেমাটি করছেন না তাসনিয়া ফারিণ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কলকাতার সিনেমা ছাড়তে হলো তাকে। প্রতীক্ষার শুটিং শুরু করার কথা ছিল নভেম্বরে। তার আগে চলতি মাসে ছিল শুটিংপূর্ব কর্মকাণ্ড।
কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় সে কাজে আর যাওয়া হচ্ছে না ফারিণের।
অভিনেত্রী জানান, নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন তিনি। গত রোববার রাতে সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয় তার। সে সময় তারা পরস্পরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন।
ফারিণ বলেন, ‘আগামী নভেম্বরে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে সিনেমাটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম সিনেমাটিও আপাতত হচ্ছে না।’
কলকাতা ও যুক্তরাজ্যে সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা ছিল।
এতে দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিণের। অভিনেত্রী জানান, ভারতের এ সিনেমা থেকে সরে হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি। ফারিণ বলেন, ‘সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ।’










