এইচবিওর তরফ থেকে ওয়েস্টওয়ার্ল্ডের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। শুক্রবার এইচবিওর পক্ষ থেকে এ কথা জানানো হয়। এ ঘোষণার তিন মাস আগেই সিরিজের চতুর্থ সিজন প্রচার হয়েছে। সে কারণে দর্শকরা এর পরবর্তী সিজনের অপেক্ষায় ছিলেন। অনেকটা হঠাৎ করেই সিরিজ সমাপ্তির ঘোষণা হলো। নানা কারণ দেখানো হয়েছে এটি শেষ করার পেছনে। তবে অন্যতম প্রধান কারণ এইচবিওর নতুন প্যারেন্ট কোম্পানি ওয়ার্নার ব্রোস ডিসকভার।

ওয়েস্টওয়ার্ল্ড শেষ করে দেয়ার পেছনে খরচ বৃদ্ধির কারণ দেখানো হয়েছে। ডেভিড জাসলাভ পরিচালিত প্রতিষ্ঠানটি সাড়ে ৩ বিলিয়ন ডলার খরচ বাঁচানোর একটি সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও ওয়ার্নার ব্রোসের একাধিক সিনেমা বন্ধ করা হয়েছে। ওয়েস্টওয়ার্ল্ড সমাপ্ত করার প্রসঙ্গে শুক্রবার এইচবিও জানায়, ‌‘‌গত চার সিজনে লিসা ও জোনাহ আমাদের একটি অসাধারণ যাত্রার মধ্য দিয়ে নিয়ে গিয়েছে। আমরা তাদের পাশপাশি পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানাই।

জোনাথন নোলান ও লিসা জয় নিজেদের মতো করে বিবৃতি দিয়েছেন। তারা বলেন, ‌‘‌ওয়েস্টওয়ার্ল্ড নির্মাণ আমাদের ক্যারিয়ারের অন্যতম বড় বিষয়। আমরা আমাদের অভিনেতা-অভিনেত্রীদের প্রতি কৃতজ্ঞ। আমরা ভবিষ্যতের এ অসাধারণ গল্পটি বলতে পেরে অত্যন্ত খুশি।’ তবে সিরিজটি এখানেই শেষ করার ইচ্ছা ছিল না নির্মাতাদের। অক্টোবরে তারা ওয়েস্টওয়ার্ল্ডের নতুন সিজন নিয়ে পরিকল্পনার কথা বলেছিলেন। পঞ্চম সিজন আনার ইচ্ছা তাদের সবসময়ই ছিল। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের কারণে সম্ভব হচ্ছে না। 

ওয়েস্টওয়ার্ল্ড দর্শকের মধ্যে তুমুল জনপ্রিয় একটি সিরিজ। সাই-ফাইয়ে ওয়েস্টওয়ার্ল্ড একটি নতুন দুনিয়াই গড়ে তুলেছিল। ২০১৬ সালে শুরু হয়ে একসময় এটি এইচবিওর সর্বাধিক জনপ্রিয় সিরিজে পরিণত হয়। মাইকেল ক্রিকটনের ১৯৭৩ সালের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিরিজ ৫৪টি এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়ে নয়টি পুরস্কার জিতেছিল।

 

সূত্র: ভ্যারাইটি