সিনে দুনিয়ার সঙ্গে ফারাহ খানের সম্পর্ক কয়েক দশকের। অবশ্য পরিচালনা করেছেন মাত্র চারটি সিনেমা। তাদের মধ্যে আবার তিনটির কেন্দ্রীয় চরিত্রেই রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ খান আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখের সঙ্গে কাজ করার। কিং খানকে তার সৌভাগ্য হিসেবেও চিহ্নিত করেছেন। স্বীকার করেন কেবল শাহরুখ খানের উপস্থিতিই ‘ম্যায় হুঁ না’ সিনেমাকে কাল্ট ক্লাসিকে পরিণত করেছিল। ফারাহ খান ম্যায় হুঁ না নির্মাণের সময়ের কথা স্মরণ করেন। কীভাবে শাহরুখ খানের উপস্থিতি সিনেমাটিকে হিট বানিয়েছে, সে কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘সিনেমাটি বানানোর সময়ই আমি শতভাগ নির্ভার ছিলাম যে এটা সফল হতে যাচ্ছে। তার প্রধান কারণ এতে শাহরুখ খান অভিনয় করছেন। এখনো আমি একই রকম বোধ করি। যদি নতুন করে সিনেমা বানাই, তবে শাহরুখ খানের সঙ্গেই বানাব। আর হাজার ভাগ নিশ্চিত যে সিনেমাটা সে ভালো করবে। সেটা হতে পারে যেকোনো এক সময়।’ 

ম্যায় হুঁ না ছাড়াও ফারাহ খান পরিচালনা করেছেন ‘‌ওম শান্তি ওম’, ‘‌তিস মার খান’ ও ‘‌হ্যাপি নিউ ইয়ার’। কেবল তিস মার খানের কথা বাদ দিলে বাকি তিনটি সিনেমায়ই শাহরুখ খান ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। তিস মার খানে ছিলেন অক্ষয় কুমার। ফারাহর বাকি সিনেমাগুলোর তুলনায় এ সিনেমাকে বেশ ফিকেই লাগে। অন্তত বক্স অফিসের কথা বিবেচনা করতে গেলে। এর বাজেট ছিল ৪৫ কোটি রুপি, তা কামিয়েছিল ১০১ কোটি ৮৯ লাখ রুপি। বিপরীতে ফারাহ খানের বাকি চলচ্চিত্রগুলো ছিল দারুণভাবে ব্যাবসাসফল। হ্যাপি নিউ ইয়ারের আয় ছিল ৩৯৪ কোটি রুপি, ওম শান্তি ওমের আয় ছিল ১৫০ কোটি রুপি এবং ম্যায় হুঁ না ছিল ২০০৪ সালের দ্বিতীয় ব্যবসাসফল সিনেমা। এজন্যই দুজনের সম্পর্কের ব্যাপারে কথা বলতে গিয়ে ফারাহ খান বলেছেন, ‘আমার জন্য তিনি আমার সৌভাগ্যের প্রতীক।’

ম্যায় হুঁ না সিনেমা হিন্দি সিনেমাপ্রেমীদের কাছে ব্যাপক পরিচিত। মেজর রামরূপী শাহরুখ খানই এর মূল আকর্ষণ ছিলেন। যদিও সুস্মিতা সেনও হয়ে উঠেছিলেন আকর্ষণের অন্যতম কেন্দ্র। মেজর রামের ছদ্মবেশে দায়িত্ব পালন ও সেখানে নাটকীয়ভাবে নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ তৈরিকে ঘিরে আবর্তিত এর ঘটনা। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস