মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’। নাটকটি প্রতি রোব থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে। আজ প্রচার হবে এর ৫০তম পর্ব। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এটি পরিচালনা করেছেন যৌথভাবে আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। থাইল্যান্ডের পাতায়াতে ধারণকৃত ভিন্নধর্মী গল্পের এ ধারাবাহিকে অভিনয় করেছেন জোভান, তৌসিফ, মিশু সাব্বির, কেয়া পায়েল, সামিরা খান মাহি, টয়া, রোদসী, চাষী আলম, সাজু খাদেম, শতাব্দী ওয়াদুদ, তানিয়া আহমেদ, মাহা, মুসাফির সৈয়দ বাচ্চু, মুকিত জাকারিয়া, আজাদ আবুল কালামসহ এক ঝাঁক তারকা।

পাতায়ার রাস্তা দিয়ে দৌড়ে আসছে প্রাগৈতিহাসিক উপন্যাসের চরিত্র ভিখু। ধুতি আর বাবা গেঞ্জি পরা এক হাত অবশ, সে হাত ধরে ছুটছে। এদিকে নবাব সিরাজউদ্দৌলা তার দরবার খুঁজে পাচ্ছে না। গোপাল ভাঁড়ের হয়েছে আরেক জ্বালা। রাজা কৃষ্ণচন্দ্র জরুরি খবর পাঠিয়েছেন, পাতায়ার রাস্তা ধরে হাঁটছেন, কিন্তু গোপালের হাঁটা শেষ হচ্ছে না। ওদিকে দেবদাস বেশ খুশি, চারদিকে এত বার, সুরা পানের আর সমস্যা নেই। কুবের আর কপিলা সমুদ্রের পাড়ে বসে কথা বলছে। কপিলা বলে, ‘মাঝি আমারে তুমি কই নিয়া আইলা?’ কুবের বলে, ‘আমিওতো বুঝতাছি না কপিলা। মনে হয় আমরা পদ্মা নদীর মাঝি উপন্যাস থেইকা আরেক গল্পে ঢুইকা গেছি।’ কপিলা বলে, ‘এখন আমাগো কী হইব মাঝি?’ কুবেরের উত্তর, ‘কী আর হইব, আনন্দ করুম, ফূর্তি করুম, আয় কাছে আয়।’ এভাবেই চরিত্রগুলোর বিচিত্র সব ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।