বলিউডের চলচ্চিত্র নির্মাতা নিখিল আদভানি। তার ঝুলিতে আছে ‘কাল হো না হো’, ‘সালাম-ই-ইশক’-এর মতো আরো বেশকিছু দুর্দান্ত সিনেমা। এ গুণী পরিচালক মনে করেন সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি বিশ্বব্যাপী সফল হবে। এখানেই শেষ নয়, সিরিজটির জন্য বানসালি এমি অ্যাওয়ার্ডসের মনোনয়নের দাবিদার বলে মনে করেন তিনি।
বানসালির প্রশংসা করে আদভানি বলেন, ‘আগামী বছর বানসালিকে তার এ ওয়েব সিরিজের জন্য এমি অ্যাওয়ার্ডসে অংশ নিতে দেখতে পাবেন।’ সম্প্রতি ফিল্ম কম্প্যানিয়নের সঙ্গে নিলিখ একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং ভারতীয়রা কী ধরনের বিষয়বস্তু নির্ভর কাজের প্রত্যাশা করে সে বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘তারা এখনো পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে গল্প দেখতে চায় এবং উপভোগ করেন।’
এছাড়া নিখিল"ভারতের খেজারলা, পাতিয়ালার মতো জায়গায় সিনেমার শুটিং করেছেন। তাই তিনি মনে করেন পশ্চিম ভারতের মতো সমগ্র ভারতের আর কোথাও দর্শকের মধ্যে এত পরিমাণ ভক্তি নেই। এ নিয়ে তিনি বলেন, ‘তারা পৌরাণিক কাহিনী দেখতে চায়। তারা এখনো চান তাদের সন্তানরা ভগবদ গীতা পড়ুক। তাই যখন তারা হঠাৎ একটি বড় ফিল্ম দেখে, সেখানেও যদি একজন ভারতীয় বড় অভিনেতাকে চ্যালেঞ্জ করা হয়, তারা তা প্রত্যাখ্যান করে।’
বর্তমানে ভারতীয় ওটিটি শোগুলো বিশ্ববাজার দখলের চেষ্টা করছে। এর উত্তরে নিখিল বলেন, ‘কোরিয়ান শো স্কুইড গেমের মতো ভারতীয় কোনো শো বিশ্বব্যাপী সাফল্যের সে স্তর অর্জন করতে পারেনি।’ তবে তিনি যোগ করেছেন, এবার ভারত থেকে হীরামান্ডি সে সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে।’ এছাড়া নিখিল পদ্মাবতীর সাফল্যের কথা স্মরণ করে বলেছেন, সিনেমাটি মুক্তির পর প্রবাসী ভারতীয়রা সান-ফ্রান্সিসকোতেও সিনেমার জনপ্রিয় গান ঘুমার ঘুমারে নেচেছিলেন। হীরামান্ডি নিয়ে তার প্রত্যাশা তেমনই।
নিখিল আরো মনে করেন অনেক পশ্চিমা দেশই ভারতকে একটি ভিন্ন দৃষ্টিতে দেখে, যা বিশ্বের কাছে ভারতকে অপরিবর্তনীয় স্থানে রেখেছিল। তিনি আরো যোগ করেছেন, ‘তবে দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির আরআরআর ভারতকে বিশ্ব দরবারে একটি ভিন্ন ধারায় চিত্রিত করেছে। আরো আকর্ষণীয় দেশ হিসেবে উপস্থাপন করেছে এবং এ উপলব্ধিকে আরো দৃঢ় করেছে।’
নিখিল বিশ্বাস করেন নেটফ্লিকে মুক্তির অপেক্ষায় থাকা হীরামান্ডিকে বিশ্বব্যাপী আরো সুপরিচিত হতে ভূমিকা রাখবে। সেই সঙ্গে তিনি আগামী বছর গোল্ডেন গ্লোবস ও এমিতে বানসালিকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। তেমন কিছু আদৌ হবে কিনা তা বলা যায় না। তবে এরই মধ্যে ভারতে হীরামান্ডির গানগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। সেই সঙ্গে স্বাভাবিকভাবেই আছে বানসালির বিশাল সেট। তা দর্শককে মুগ্ধ করে।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত, ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ মূলত একটি ওয়েব সিরিজ, যা হীরামান্ডি জেলার গণিকাদের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে। এটি ব্রিটিশ রাজত্বের সময় ভারতে স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে তৈরি হয়েছে। সিরিজের টিজারে বলা হয়েছে ক্ষমতা ও রাজনীতির গল্প বলবে এটি। সিরিজটিতে দেখা মিলবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন সেগালসহ আরো অনেকের।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










