প্রতারণার দায়ে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলায় বারবার উঠেছে বলিউডের জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। এবার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দেয়া অর্থ পাচার মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সুকেশের কাছ থেকে ১০ কোটি রুপির উপহার নিয়েছিলেন জ্যাকুলিন। এ উপহারের মধ্যে ছিল ৫২ লাখ রুপি দামের একটি ঘোড়া। এছাড়া বিড়ালপ্রেমী বলিউড তারকার মন জিততে ৯ লাখ রুপির পার্সিয়ান বিড়ালও উপহার দিয়েছিলেন সুকেশ।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, দিল্লির কোর্টে সুকেশের অর্থ পাচার মামলার চার্জশিট দায়ের করেছে তদন্তকারী সংস্থা। জ্যাকুলিন ছাড়াও এ চার্জশিটে নোরা ফাতেহির নামও উঠে এসেছে। তাদের দুজনকেই এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
এর আগে নোরা ফাতেহিকে একটি দামি গাড়ি উপহার দেয়ার কথা বলেছিলেন সুকেশ। চার্জশিটে বলা হয়, নোরা ফাতেহিকে একটি বিএমডব্লিউ গাড়ি ও একটি আইফোন উপহার দিয়েছিলেন তিনি। এ দুই উপহারের মূল্য ১ কোটি রুপি।
এদিকে সুকেশের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেল ও জ্যাকুলিনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত সপ্তাহে জ্যাকুলিন ও সুকেশের কয়েকটি ছবি ভাইরাল হয়ে যায়। একটি ছবিতে দেখা গেছে, সুকেশকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন জ্যাকুলিন। চার্জশিট মতে, চলতি বছরের জানুয়ারিতে জ্যাকুলিন ও সুকেশের ঘনিষ্ঠতার শুরু। এর পরই জ্যাকুলিনের জন্য দামি উপহার পাঠাতে থাকেন সুকেশ।
চার্জশিটে আরো বলা হয়েছে, জ্যাকুলিনকে যেসব উপহার দিয়েছেন সুকেশ তার মধ্যে ছিল জুয়েলারি, ক্রোকারিজ ও চারটি পার্সিয়ান বিড়াল। সুকেশ জেলে থাকা অবস্থায়ও জ্যাকুলিনের সঙ্গে ফোনে কথা হয়েছিল। জামিনে মুক্তির পর সুকেশ প্রাইভেট বিমানে জ্যাকুলিনকে চেন্নাই উড়িয়ে আনেন এবং শহরের একটি হোটেলে ওঠেন তারা দুজন। জামিন পাওয়ার পর সুকেশ চন্দ্রশেখর ৮ কোটি রুপি খরচ করেছেন শুধু বিমান ভ্রমণ বাবদ। এছাড়া তিনি জ্যাকুলিনের আত্মীয়স্বজনকেও বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা










