বিশ্বে বিনোদনজগতে ওটিটির প্রভাব বাড়ছে। এতে দর্শক কিংবা পর্যবেক্ষক কারুরই সন্দেহ নেই। ভারতের ওটিটি প্লাটফর্মও এর ব্যতিক্রম নয়। বিশেষত দু-তিন বছরে বলিউডের প্রথম সারির বেশির ভাগ তারকাই ওটিটিতে কাজ শুরু করেছেন। বড় পর্দার তারকাদের জন্য ওটিটি নতুন দুনিয়া খুলে দিয়েছে। অজয় দেবগন, সাইফ আলী খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, আরশাদ ওয়ারসির মতো অভিনেতারা ওটিটিতে বড় বড় কাজ করেছেন। ভারতীয় মিডিয়া বিশ্লেষকরা বলছেন, ওটিটির প্রভাব আরো বাড়বে। নেটফ্লিক্সের পাশাপাশি ডিজনি প্লাস হটস্টার, জি ফাইভ, সনিলিভ, জিও সিনেমা এখন ভারতীয় ওটিটি দুনিয়ার বড় নাম। ওটিটিতে কাজ করে অনেক তারকা বড় অংকের পারিশ্রমিক পাচ্ছেন। বলা যায় তাদের আয়ের উৎস আরো বিস্তৃত হয়েছে।
ডিজনি প্লাস হটস্টারের ক্রাইম থ্রিলার রুদ্র: দি এজ অব ডার্কনেসের মাধ্যমে ওটিটি অভিষেক হয়েছে অজয় দেবগনের। রুদ্র ব্রিটিশ শো লুথারের অফিশিয়াল রিমেক। ৫৩ বছর বয়সী অজয় বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ডিএনএ জানাচ্ছে, রুদ্রর সাত পর্বের জন্য অজয় পারিশ্রমিক নিয়েছেন ১২৫ কোটি রুপি। অর্থাৎ প্রতি পর্বের জন্য তিনি পেয়েছেন প্রায় ১৮ কোটি রুপি। এর মাধ্যমে ভারতে ওটিটি প্লাটফর্মে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় শীর্ষ নামটি এখন অজয়ের।
তারকা খ্যাতি যে মিডিয়া ইন্ডাস্ট্রির পারিশ্রমিকে বড় ফ্যাক্টর, সেটা আবারো প্রমাণিত হয়েছে এ ঘটনায়। ওটিটিতে মনোজ বাজপেয়ি তার কাজের মাধ্যমে যথেষ্ট প্রশংসিত। অথচ তিনি তার জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনের জন্য পেয়েছেন ১০ কোটি রুপি। ফ্যামিলি ম্যানে মনোজের শ্রীকান্ত তিওয়ারি চরিত্র দর্শকের কাছে প্রশংসা পেয়েছে। কিন্তু তাতেও মনোজের পুরো সিরিজের পারিশ্রমিক অজয়ের একটি পর্বের সমান হয়নি।
সূত্র: ডিএনএ










