বলিউড সেলিব্রিটিদের অবিশ্বাস্য দামি সব ব্যক্তিগত সম্পদ মাঝে মাঝেই আলোচনার ঝড় তোলে। তা সে নতুন কেনা বাড়ি থেকে গাড়ি কিংবা ঘড়ি। এসব নিয়ে ভক্তদের আগ্রহেরও কমতি থাকে না। উপহার দেয়ার ক্ষেত্রেও তারা নিজেদের পরিচয়ের ছাপ রাখতে চান। এখানে পাঁচজন বলিউড সেলিব্রিটি ও প্রিয়জনকে তাদের দেয়া অবিশ্বাস্য দামি কিছু উপহারের কথা তুলে ধরা হলো—

শাহরুখ খান দিয়েছেন বিএমডব্লিউ, হার্লে ডেভিডসন, মার্সিডিজ বেঞ্জ

শাহরুখকে এমনি এমনি বলিউডের বাদশাহ বলা হয় না। কাছের মানুষকে বিভিন্ন সময় শাহরুখ খুব দামি সব উপহার দিয়েছেন। অভিষেক বচ্চনকে একবার দিয়েছিলেন একটা হার্লে ডেভিডসন মোটরবাইক। ফারাহ খানকে দিয়েছেন মার্সিডিজ বেঞ্জ গাড়ি। রাওয়ান ছবির টিমমেট রজনীকান্ত, অর্জুন রামপাল ও অনুভব সিনহা—প্রত্যেককে দিয়েছিলেন একটি করে বিএমডব্লিউ সিরিজ সেভেন গাড়ি। এগুলোর একেকটির দাম ছিল ১ কোটি রুপি। রাওয়ান বক্সঅফিসে খুব ভালো না করলেও সহকর্মীদের এমন দামি উপহার দিতে কার্পণ্য করেননি শাহরুখ।

বোন অর্পিতাকে সালমান খান দিয়েছেন ১৬ কোটি রুপির ফ্ল্যাট আর রোলস-রয়েস ফ্যান্টম

কয়েক বছর আগে সালমান খানের ছোট বোন অর্পিতা খানের বিয়ে হয় আয়ুশ শর্মার সঙ্গে। বোনকে বিয়ের উপহার হিসেবে মুম্বাইয়ের কার্টার রোডে ১৬ কোটি রুপি দামের ফ্ল্যাট দেন সালমান। আরো দিয়েছিলেন ৪ কোটি রুপি দামের একটা সাদা রোলস-রয়েস ফ্যান্টম গাড়ি।

বিদ্যা বালানকে সিদ্ধার্থ রায় কাপুরের ফ্ল্যাট


বিদ্যা বালানের সঙ্গে নতুন সংসার শুরু করার জন্য সিদ্ধার্থ রায় কাপুর ভালো একটা অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন। হঠাৎ একদিন মুম্বাইয়ের জুহুতে সাগরের দিকে মুখ করা একটা অ্যাপার্টমেন্ট দেখে তার পছন্দ হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেটা কেনার ব্যবস্থা করেন। ফ্ল্যাটটির দাম ছিল ১৪ কোটি রুপি।

রানী মুখার্জীকে অডি গাড়ি দিয়েছিলেন আদিত্য চোপড়া

আদিত্য চোপড়া ও রানী মুখার্জী অনেকদিন ধরেই তাদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন। রানীকে উপহার দিতে আদিত্য একবার বেছে নিয়েছিলেন সোয়া কোটি রুপি দামের অডি এএইট ডব্লিউ টুয়েলভ গাড়ি। সে উপহার দেয়ার ঘটনাটাও ছিল কৌতূহলোদ্দীপক। গাড়ি নিয়ে আদিত্য চলে আসেন রানীর বাড়িতে। তাকে বলেন, গাড়িতে করে একটু ঘুরে আসবেন। ঘোরা শেষ হলে আদিত্য গাড়িটা রানীর বাসায় রেখে নিজের গাড়িতে ফিরে যান।

জ্যাকুলিন ফার্নান্দেজকে সালমানের ফ্ল্যাট আর অডি


সালমান খানের টাকা ওড়ানোর খবর মাঝে মাঝেই নানাভাবে শোনা যায়। কিক ছবি মুক্তির পরে সহকর্মী জ্যাকুলিন ফার্নান্দেজকে বান্দ্রায় দিয়েছিলেন বিরাট এক ফ্ল্যাট আর অডি গাড়ি।

 

সূত্র: জিকিউ ম্যাগাজিন