রণবীর কাপুর বলিউডের বর্তমান তারকাদের মধ্যে জনপ্রিয়তম। সম্প্রতি তিনি ঈশ্বর ও ঈশ্বরবিশ্বাস নিয়ে কথা বলেছেন। ঈশ্বর সম্পর্কে তিনি নিজে কী মনে করেন এবং তার পরিবারের বিষয়েও বলেছেন রণবীর। তিনি জানান, খুব অল্প বয়সেই ঈশ্বর সম্পর্কিত বিষয়-আশয় বাদ দিয়েছেন তিনি। তিনি ঈশ্বরের কাছে কিছু প্রার্থনাও করতেন না। তার মা নীতু কাপুরও একই রকম বিশ্বাস রাখতেন। তবে ঋষি কাপুর ধার্মিক ছিলেন বলে জানান তিনি।

রণবীর বলেন, ‘আমার বাবা খুবই ধার্মিক ছিলেন। মা বরং বাবার মতো ততটা ধার্মিক ছিলেন না। কিন্তু বাবা ধর্মচর্চা করতে ভালোবাসতেন বলে মা-ও সঙ্গ দিতেন। আমরা তখন ছোট। দেখতাম বাবা-মাকে। সন্তানরা তো বাবা-মাকেই অনুকরণ করার চেষ্টা করে। তাই ঈশ্বর ভাবনা আমার ভালো লাগে। আমি বহু আগেই বুঝতে পেরেছিলাম, আমার প্রার্থনার জোর আছে।’

অভিনেতা আরো বলেন, ‘ঈশ্বরের কাছে কিছু চাইলে, তা খুব সহজেই পেয়ে যেতাম। তাই খুব ছোট বয়সেই, আমি ঈশ্বরের কাছে কিছু চাওয়া বন্ধ করে দিই। হয়তো কোনো এক বর্ষার দিনের জন্য সে প্রার্থনার সুযোগ বাঁচিয়ে রাখতাম। আমি আসলে নিজের সঙ্গেই কথা বলতাম। তবে মনে আছে, সেই সময় থেকেই ঘুমোতে যাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাতাম।’

ঈশ্বরে অগাধ বিশ্বাস থাকলেও নিজের জন্য কিছু চাইতেন না রণবীর। তিনি বলছেন, ‘এমনকি, খুব বিপদে পড়লেও আমি কিছু চাইতাম না ঈশ্বরের কাছে। ছবি সফল হোক বা আমি যেন কিছু একটা জিনিস কিনতে পারি, এসব নিয়ে আমি কোনো প্রার্থনা করিনি। ঈশ্বরের সঙ্গে যদিও আমার কৃতজ্ঞতার সম্পর্ক। এখন আমি যে জায়গায় আছি, তা নিয়ে সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নিয়ে এটুকুই আমি বলতে পারি।’

সনাতন ধর্মের ওপর বিশ্বাস নিয়ে অভিনেতা বলেন, ‘আমি সনাতন ধর্মের ওপর বিশ্বাস করতে শুরু করেছি। বেশ কয়েক বছর ধরে এ ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করেছি। সনাতন ধর্মের প্রভাব কী, তা জানতে আমি গভীরে গিয়ে বিষয়টা দেখেছি।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস