বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর বলিউডে পা রাখেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সৌন্দর্যের পাশাপাশি অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করে নিয়েছেন দর্শকদের। কিন্তু অভিষেক বচ্চনকে বিয়ে করার পর বলিউড থেকে কিছুটা দূরে সরে গেছেন সাবেক এ বিশ্বসুন্দরী।

তবে এবার ক্যামেরার সামনে পুরদস্তুর ব্যস্ত হয়ে পড়বেন ঐশ্বরিয়া। সম্প্রতি নতুন একটি ইন্দো-আমেরিকান ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ফিউশন গায়িকা ও থিয়েটার লেখিকা-পরিচালক ঈশিতা গঙ্গোপাধ্যায়ের নতুন ছবিতে থাকছেন সাবেক বিশ্বসুন্দরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে, নষ্টনীড় ও কাদম্বরী দেবীর চরিত্রটিকে নিয়ে একটি নাটক তৈরি করেছিলেন ঈশিতা। নাটকটির নাম ছিল ‘থ্রি উইমেন’। এ নাটকের কাহিনী অবলম্বনে ‘দ্য লেটার’ নামের ছবি বানাবেন ঈশিতা। মা-মেয়ের কাহিনী নিয়ে আবর্তিত হবে ছবির আখ্যান।

ঈশিতা গঙ্গোপাধ্যায় নিউজ ১৮কে এ তথ্য নিশ্চিত করে বলেন, ছবিটি করার জন্য ঐশ্বরিয়া সম্মতি দিয়েছেন। ছবিতে তাকে দেখা যাবে মূল চরিত্রে। চরিত্রটির বিষয়ে অবশ্য এখনো খোলাসা করে কিছু জানাননি। ঐশ্বরিয়া ছবিটি হিন্দিতে না করে ইংরেজিতে করার পরামর্শ দিয়েছেন।

এর আগে রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’তে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সম্প্রতি মেয়ে আরাধ্যর ১০তম জন্মদিন উদযাপন শেষে মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন ঐশ্বরিয়া ও অভিষেক। সদ্যই পরিচালক মণিরত্নমের পনিয়িন সেলভানের শুটিংয়ের প্রথম পর্ব শেষ করছেন ঐশ্বরিয়া। এখন তিনি শুটিংয়ের পরের অংশের প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া