বেগম রোকেয়া বাঙালি নারী জাগরণের অগ্রদূত। তার একটি বই সুলতানার স্বপ্ন, ‘সুলতানাস ড্রিম’। এবার সে বই থেকে নির্মিত হলো অ্যানিমেশন। তবে তা বাংলাদেশ বা উপমহাদেশে নয়, নির্মাণ করেছেন একজন স্প্যানিশ নির্মাতা। স্প্যানিশ ভাষায় ৮৬ মিনিট দৈর্ঘ্যের অ্যানিমেশন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এল সুয়েনো দে লা সুলতানা’। নির্মাণ করেছেন ইসাবেল হারগুয়েরা। ইংরেজিতে সিনেমাটির নাম ‘সুলতানাস ড্রিম’। সিনেমাটি আগামীকাল স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে।

নির্মাতা ইসাবেল হারগুয়েরার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন জিয়ানমার্কো সেরা। গল্পের বাইরেও অ্যানিমেশনের সঙ্গে বাংলার যোগাযোগ আছে। সিনেমায় থাকছে মৌসুমী ভৌমিকের লেখা একটি গান। গানটির সংগীতায়োজনে আছেন তাজদির জুনায়েদ, গেয়েছেন দীপান্বিতা আচার্য। সিনেমাটি প্রযোজনা করেছে স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ভাষা—বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালীয়, স্প্যানিশ ও বাস্ক।

নানা উৎসবে প্রদর্শনের পর আগামী ১৭ নভেম্বর স্পেনে মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: ভ্যারাইটি