ঋষি কাপুরের মৃত্যু এক বছর হয়ে গেছে। ৩০ এপ্রিল মৃত্যুর বর্ষপূর্তিতে বলিউডের এ আইকনিক অভিনেতার জন্য স্মৃতি ও আবেগের বন্যা বয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে। তাকে স্মরণ করছেন শিল্পী সহকর্মীরা, আত্মার শান্তি কামনা করছেন। কলকাতার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় স্মরণ করলেন ঋষি কাপুরকে। পাশাপাশি জানালেন শিবপ্রসাদের ছবিতে অভিনয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে শুটিংয়ের জন্য কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে শিবপ্রসাদ জানান, গত বছরের এপ্রিলে ঋষি কাপুরের মৃত্যুর খবরে তিনি প্রচণ্ড ধাক্কা খেয়েছিলেন। কেননা এর কয়েক দিন আগে শিবপ্রসাদ ওই প্রবীণ অভিনেতার সঙ্গে কথা বলেছিল। মৃত্যুর আগের এক বছরে তাদের অনেকবারই কথা হয়েছে। বেলাশেষে, প্রাক্তন, মুক্তধারা, পোস্ত ছবির পরিচালক ঋষি কাপুরকে নিয়ে একটি চলচ্চিত্র বানানোর পরিকল্পনা করছিলেন। কিন্তু বলিউডের এ অভিনেতার অসুস্থতার কারণে ছবিটি নির্মাণ পিছিয়ে যাচ্ছিল।

শিবপ্রসাদ ঋষি কাপুরের সঙ্গে প্রথম পরিচয়ের বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে জানান, ঋষি কাপুরের সঙ্গে তার প্রথম দেখা হয় নিউইয়র্কে। ২০১৯ সালের জুলাইয়ে। সে সময় এ প্রবীণ অভিনেতা চিকিৎসার জন্য নিউইয়র্কে ছিলেন। এ সময়েই তিনি শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের সঙ্গে কাজ করতে সম্মতি জানান।

শিবপ্রসাদ বলেন, ‘নিউইয়র্কে পৌঁছানোর পর আমি তাকে ফোন করি। তিনি সঙ্গে সঙ্গে আমার হোটেলে চলে আসেন। তখন আমরা দারুণ সময় কাটাই। আমি তাকে খুব ভালোভাবে চিনতে পারি। তিনি ছিলেন পুরাই ভোজনরসিক এবং বাঙালি খাবারের স্বাদ নিতে মরিয়া হয়ে থাকতেন।’

শিবপ্রসাদ টাইমস অব ইন্ডিয়াকে জানান, শুটিংয়ের পরিকল্পনা নিয়ে বেশ কয়েকবার তাদের মুম্বাইতে দেখা হয়। ঋষি কাপুর চেয়েছিলেন ২০১৯ সালের অক্টোবরে ছবির শুটিং শুরু করতে। কিন্তু অজ্ঞাত একটি কারণে ছবির শুটিং পিছিয়ে যায়। অবশেষে তারা সিদ্ধান্ত নেন, লকডাউনের পরে শুটিং শুরু করবেন।

নাম ঠিক না হওয়া সেই ছবির শুটিং যেন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে হয় ঋষি কাপুরের সেই আগ্রহের কথা জানিয়ে শিবপ্রসাদ বলেন, ‘তিনি আমাকে যত রিকুয়েস্ট করেছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে শুটিং করতে কতটা মুখিয়ে আছেন তিনি।’

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া