অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চলছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ২০২৪-এর ১৫তম আসর। এ বছরের আয়োজন অনুষ্ঠানটি শুরু হয়েছে ১৫ আগস্ট ও পর্দা নামবে ২৫ আগস্ট। অনুষ্ঠানে বর্ষসেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টুয়েলভথ ফেইল’। সিনেমাটি বিশ্লেষকদের প্রশংসা থেকে শুরু করে পেয়েছে দর্শকের ভালোবাসা। এর নাম ভূমিকার অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে নিয়েও হয়েছে বেশ আলোচনা।
তবে মেলবোর্নে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন কার্তিক আরিয়ান। সেই সঙ্গে এ তরুণ অভিনেতা আইএফএফএম অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন এ বছরের সবচেয়ে সেরা কাজ ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ অভিনয়ের জন্য। ‘লাপাত্তা লেডিস’-এ অসাধারণ চলচ্চিত্র নির্দেশনার জন্য সেরা নির্মাতা পুরস্কার ঝুলিতে উঠেছে পরিচালক কিরণ রাওয়ের।
পাশাপাশি গত বছর শাহরুখ খানের ‘ডাঙ্কি’ জিতেছে ইকুয়ালিটি সিনেমা অ্যাওয়ার্ড। সিনেমার অন্যতম প্রাণ সংগীত। আর ভারতীয় সংগীতের সেরা সুরকারদের একজন এআর রহমান। যিনি এ বছর পেয়েছেন এক্সিলেন্সি পুরস্কার। আইএফএফএম ২০২৪-এর আয়োজনে ভারতীয় সিনেমাগুলোর পাশাপাশি ওয়েব সিরিজকেও প্রাধান্য দেয়া হয়েছে। সেখানে দেখা গেছে, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা ও কলাকুশলীর অংশগ্রহণ।
আইএফএফএম আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান, সংগীতের ইমতিয়াজ আলী, নির্মাতা করণ জোহরসহ বেশ কয়েকজন দর্শকপ্রিয় মুখ। এরই মধ্যে অনুষ্ঠানের দ্বিতীয় দিনই আইএফএফএমের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সব পুরস্কার বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বর্ষসেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন পার্বতী তিরুবথু। ২০২৪ সালে মালয়ালম সিনেমা ‘উল্লোজুক্কু’য় তার অভিনয় কেবল দক্ষিণ ভারত নয়, পৃথিবীব্যাপী প্রশংসিত হয়েছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস









