তারা দুজনই স্টাইলিশ হিসেবে খ্যাত এবং নাচে দারুণ পারদর্শী। ভক্তরা তাদের ফ্যাশন ও নাচ দেখতে আগ্রহী থাকেন। কথা হচ্ছে বলিউডের তরুণ তারকা বরুণ ধাওয়ান ও তেলেগু ইন্ডাস্ট্রির বড় নাম আল্লু অর্জুনের। অর্জুন দক্ষিণের চলচ্চিত্র দুনিয়ায় স্টাইলিশ অভিনেতা হিসেবে জনপ্রিয়।

গত কয়েক বছরে স্বতন্ত্র স্টাইল আর নাচ নিয়ে বহুবার আলোচনায় এসেছেন আল্লু অর্জুন। নিজের ফ্যাশন দিয়ে ভক্ত, দর্শকদের হূদয়ও জিতেছেন। এবার জানা গেল তার স্টাইলের নতুন এক ভক্তের নাম। এ ভক্ত যে সে মানুষ নন, তিনি নিজে বলিউডের তারকা—বরুণ ধাওয়ান।

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়েছিলেন বরুণ ধাওয়ান। তার সঙ্গে ছিলেন কুলি নাম্বার ওয়ানের সহশিল্পী সারা আলী খান। কপিল শর্মা শোতে বরুণ ধাওয়ানকে প্রশ্ন করা হয়েছিল তার চোখে সবচেয়ে স্টাইলিশ অভিনেতা কে? এক মুহূর্ত সময় না নিয়ে বরুণ জবাব দিয়েছেন—আল্লু অর্জুন। অন্যদিকে একই প্রশ্ন করা হয়েছিল সারাকেও। তিনি জবাব দিয়েছেন—রণবীর সিং।

বরুণের আগেও অনেক বলিউড তারকা অর্জুনের ফ্যাশন ভাবনার প্রশংসা করেছেন। দক্ষিণি সিনেমা নিয়ে বিভিন্ন সময় বরুণ তার আগ্রহ ও মুগ্ধতার কথা জানিয়েছেন। সেখানে তার পছন্দের অভিনেতাদের মধ্যে আছেন জুনিয়র এনটিআর, থালাপতি বিজয়, আল্লু অর্জুন প্রমুখ।

শুধু ফ্যাশন নয়, আল্লু অর্জুনের নাচের ভক্তও আছে বলিউডে। শহীদ কাপুর তাদের একজন। তিনি অতীতে অর্জুনের নাচের প্রশংসা করেছেন। টাইগার শ্রফের প্রিয় তারকাদের একজন অর্জুন। টাইগার শ্রফের কথায়, ‘তার মতো যদি নাচতে পারতাম!’

আল্লু অর্জুনের পরবর্তী ছবি সুকুমরণ পরিচালিত পুষ্প। ছবিতে অর্জুনের বিপরীতে দেখা যাবে রশ্মিকাকে।

 

সূত্র: পিংকভিলা