বিভিন্ন মাধ্যমে নিয়মিত অভিনয় করছেন ইন্তেখাব দিনার। মঞ্চ থেকে টেলিভিশন—তারপর নাম লিখিয়েছেন বড় পর্দায়। বর্তমানে ওটিটির কাজ নিয়েই বেশি ব্যস্ত এ অভিনেতা। এদিকে সম্প্রতি নতুন একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন ইন্তেখাব দিনার।
‘নীল জোছনা’ নামের সিনেমাটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এর আগে ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন তিনি। সরকারি অনুদানের ‘নীল জোছনা’ নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। জানা গেছে, এ সিনেমায় দিনারকে দেখা যাবে সেন্টু নামের চরিত্রে। এটি এ সিনেমার নেতিবাচক একটি চরিত্র।
সেন্টু চরিত্রে অভিনয় প্রসঙ্গে ইন্তেখাব দিনার বলেন, ‘বহু বছর ধরে এমন একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম। সিনেমাটির গল্প খুবই ভালো লেগেছে। আর নির্মাতার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করছি, এটি দারুণ একটি চলচ্চিত্র হবে।’
সিনেমাটি বা চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেতা। এ নিয়ে তিনি বলেন, ‘অভিনয়ে নিজের ইমেজ ভেঙে এ ছবিতে ভিন্ন একটি চরিত্রে কাজ করছি। কতটুকু করতে পারছি জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এ সিনেমার নেতিবাচক চরিত্রে নিজেকে আবিষ্কার করেছি।’
ভক্ত আর দর্শককে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানান দিনার।
ইন্তেখাব দিনার প্রসঙ্গে নির্মাতা ফাখরুল আরেফীন বলেন, ‘এর আগে টেলিভিশন, ওটিটি কিংবা সিনেমায় ইন্তেখাব দিনারকে এমন চরিত্রে দেখা যায়নি। সে জায়গা থেকে বলতে গেলে তিনি দারুণ করেছেন। আশা করছি, সিনেমাটির কাজ ঠিকঠাক শেষ করতে পারব।’
নীল জোছনায় আরো অভিনয় করেছেন পশ্চিম বাংলার অভিনেত্রী পাওলি দাম। জানা মতে, তিনিই এ সিনেমার নায়িকা। নীল জোছনা দিয়ে ১৬ বছর পর সিনেমায় ফিরছেন মেহের আফরোজ শাওন। এছাড়া সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়াসহ আরো অনেককে দেখা যাবে।










