আর কিছুদিন পরই আসছে নতুন বছর। নতুন বছরের ছোঁয়া লেগেছে দেশের মিডিয়াপাড়ায়ও। এরই মধ্যে নির্মাতারা তাদের সিনেমা মুক্তির পরিকল্পনার ছক কষছেন। সম্প্রতি ‘ব্ল্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানি সানোয়ার তার নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন। সিনেমার নাম ‘এশা মার্ডার: কর্মফল’। এ সিনেমায় দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ আজমেরী হক বাঁধনকে দেখা যাবে। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পর ওয়েব সিরিজে কাজ করলেও সিনেমা করেননি এ অভিনেত্রী। বর্তমানে এশা মার্ডার: কর্মফল সিনেমাটা নিয়ে ব্যস্ত বাঁধন। একটি খুন ও সে রহস্য উদ্‌ঘাটনের গল্প দেখা যাবে এ সিনেমায়। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন।

চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতেই এখন ব্যস্ত বাঁধন। এরই মধ্যে তিনি দেখা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার রাকিবা ইয়াসমিনের সঙ্গে। পুলিশের চরিত্রটি পর্দায় নিখুঁতভাবে তুলে ধরতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে থেকে পরামর্শ করেছেন এ অভিনেত্রী। এ সময় বাঁধনের সঙ্গে আরো ছিলেন ফারুক আহমেদ, সরকার রওনক রিপন, হাসনাত রিপন ও তানভীর মাসুদ। এর কিছু ছবি বাঁধন শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ নিয়ে জানতে চাইলে বাঁধন বলেন, ‘এশা মার্ডারে একজন পুলিশের তদন্ত কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আমাকে। পুলিশের চরিত্রে এর আগে অভিনয় করিনি। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতেই দেড়-দুই মাস এ প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। যেহেতু এ সময়ে পুলিশের ট্রেনিং নেয়া সম্ভব নয়, তাই চেষ্টা করেছি নারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণখান জোনের এসি রাকিবা ইয়াসমিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার চরিত্রের সঙ্গে তার অনেক মিল আছে। অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেছি।’

এশা মার্ডার: কর্মফল সিনেমাটির গল্প নিয়ে নির্মাতা সানি সানোয়ার বলেন, ‘সিনেমাটি হতে যাচ্ছে সত্য ঘটনাকে কেন্দ্র করে। আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনাকে ঘিরে এ সিনেমার গল্প। ২০০৯ সালে ঘটে যাওয়া এ কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। কর্মজীবনে বহু খুন তদন্ত করেছি। তবে ওই খুনের ঘটনা আমাকে বিশেষভাবে নাড়া দেয়। ওই ঘটনা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পর পরই। অ্যাকশন থেকে বের হয়ে এবার খুন রহস্যে ঢুকে গেলাম। সেই ২০১৮ সাল থেকে লিখতে লিখতে আর কিছুদিন পরই সিনেমার শুটিং করতে যাচ্ছি। আশা করছি, দর্শক অন্য রকম এক খুনের ঘটনা জানতে পারবেন।’

সিনেমাটিতে এশা চরিত্রে অভিনয় করবেন পূজা ক্রুজ। এ সিনেমা দিয়ে অভিষেক হতে যাচ্ছে তার। এতে আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম। চলতি মাসেই এশা মার্ডার সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানান নির্মাতা। কপ ক্রিয়েশন ও বিঞ্জের যৌথ প্রযোজনায় আগামী বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির বিষয়ে জানিয়েছেন নির্মাতা।