বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি তাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। আলোচনায় এসেছে, তিনি আলিয়া ভাট বা অনন্যা পাণ্ডের মতো নিয়মিত কাজ পাচ্ছেন না। তবে এসব জল্পনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার বাবা অভিনেতা শক্তি কাপুর। তার বক্তব্য, কাজের অভাবে নয়, বরং বেছে বেছে সিনেমা করার কারণেই শ্রদ্ধাকে পর্দায় তুলনামূলক কম দেখা যায়।

শক্তি কাপুর জানান, শ্রদ্ধা এমনিতেই কম সিনেমায় কাজ করেন। তবে যেটি করেন সেটি যেন মানসম্মত হয়, সেদিকেই তার মনোযোগ বেশি থাকে। পারিশ্রমিক প্রসঙ্গে তিনি দাবি করেন, আলিয়া ভাট ও অনন্যা পাণ্ডের চেয়ে অর্থ নিয়ে থাকেন শ্রদ্ধা। তাই শ্রদ্ধা কাজ পাচ্ছেন না, এমন ধারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমার ধরন ও বাজেটের ওপর নির্ভর করে শ্রদ্ধা কাপুর প্রতি সিনেমায় গড়ে ৭-১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। ২০২৫ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘স্ত্রী ২’-এর জন্য তিনি প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বলে জানা যায়।

মেয়ের ব্যক্তিত্ব নিয়েও কথা বলেন শক্তি কাপুর। তার মতে, শ্রদ্ধা খুবই দৃঢ়চেতা আর নিজের নীতিতে অটল। তার কিছু নির্দিষ্ট মূল্যবোধ রয়েছে, যেগুলো তিনি কঠোরভাবে অনুসরণ করেন। বাবা-মেয়ের সম্পর্ক বন্ধুর মতো বলেও জানান তিনি। কখনো ঝগড়া হয়, আবার কখনো একসঙ্গে ঘোরার পরিকল্পনাও করেন। সিনেমা নিয়েও তাদের মধ্যে নিয়মিত আলোচনা চলে। স্ত্রী ২-এর বক্স অফিস সাফল্যের পর শ্রদ্ধা কাপুরের নতুন কাজ নিয়ে দর্শক ও প্রযোজকদের আগ্রহ যে এখনো তুঙ্গে, তা বলাই বাহুল্য।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া