এরই মধ্যে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম এ শিল্পী একুশে পদকও পেয়েছেন। এবার ‘সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৮তম আসরে আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।
‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’ ট্যাগলাইনে এ পুরস্কার দেয় চ্যানেল আই। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে সানসিল্ক। ২০০৪ সালে শুরু হয়েছিল ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এ বছর তারা সংগীতে অবদানের জন্য সুজেয় শ্যামকে আজীবন সম্মানা দিতে যাচ্ছে। ১০ অক্টোবর এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে।
শারীরিক অসুস্থতার কারণে এ আয়োজনে থাকতে পারেননি সুজেয় শ্যাম। তবে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে ১৮ অক্টোবর। সেখানে উপস্থিত থাকবেন এ সংগীতকার।
সুজেয় শ্যাম গিটার বাদক ও শিশুতোষ গানের পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর সিনেমায় সংগীত পরিচালনা করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বহু মুক্তিযুদ্ধের গানের সংগীত পরিচালনা ও সুর দিয়েছেন। ভাষা ও সাহিত্যে তিনি একুশে পদক পেয়েছেন ২০১৮ সালে। এবার সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড দিচ্ছে আজীবন সম্মাননা।
এ আয়োজনকে ঘিরে নানামুখী পরিকল্পার কথা জানান ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, ‘দীর্ঘ ১৮ বছর ধরে আমাদের এ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের সঙ্গে যুক্ত থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। সংগীতকে ভালোবাসে না এমন বাঙালি পাওয়া খুব কঠিন। আর চ্যানেল আইয়ের সকালটিও শুরু হয় এ সংগীতকে ঘিরে।’ তিনি আরো বলেন, ‘শিল্পী ফরিদা পারভীনের আর্থিক সংযোজনের ব্যাপারে প্রস্তাবটিও আমরা বিবেচনা করব।’










