এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। মোশাররফ করিমের বিপরীতে বেশকিছু নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। তার কাজের ব্যস্ততাও আগের চেয়ে বেড়েছে অনেকটাই। যদিও তিনি সবসময়ই বেছে বেছে কাজ করেন, এখনো ঠিক তা-ই করছেন। সেই ধারাবাহিকতায় মিম চৌধুরীকে এখন এ সময়ের আরেক দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেলের সঙ্গে একের পর এক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে। এরই মধ্যে মিম ও তন্ময় ‘গরীবের সংসার’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি ইউটিউবে প্রকাশের পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। যে কারণে তারা জুটিবদ্ধ হয়ে এরই মধ্যে ‘প্রেম পুকুর’ (পরিচালক মোহাম্মদ আলী মুন্না), ‘জামাই শ্বশুর প্রবাসী’ (পরিচালক মামুনুর রশীদ) ও ‘অশিক্ষিত বউ’ (পরিচালক ফজলুল সেলিম) নাটকের কাজ শেষ করেছেন। এ তিনটি নাটকই শিগগিরই ইউটিউবে প্রকাশ পাবে বলে নিশ্চিত করেছেন মিম ও তন্ময়।

মিম চৌধুরী বলেন, ‘তন্ময় সোহেলের সঙ্গে আমি এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। ফজলুল সেলিম পরিচালিত প্রথম নাটক গরীবের সংসার-এর জন্য বেশ সাড়া পেয়েছিলাম আমরা। সেজন্যই মূলত এরপর আরো তিনটি নাটকে কাজ করা হয়েছে। অভিনেতা হিসেবে তন্ময় খুউব ভালো। কাজটা এবং অভিনয় কীভাবে ভালো করা যায় সেদিকে ভীষণ মনোযোগ দেয়।’ তন্ময় সোহেল বলেন, ‘মিমের সঙ্গে প্রথম কাজ করেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। যে কারণে আমাদের একের পর এক কাজ হচ্ছে। মিম আমার চেয়েও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছেন। যে কারণে অভিনয়ে অনেকটাই সিদ্ধহস্ত বলা চলে। খুব ভালো অভিনয় করেন মিম। এরই মধ্যে আমাদের মাঝে কাজের বোঝাপড়াটাও চমৎকার হয়েছে। আশা করছি আমাদের নতুন নাটকগুলো দর্শকের ভালো লাগবে।’

এদিকে এরই মধ্যে তন্ময় মহিন খানের ‘বদ নজর’ নাটকের কাজ শেষ করেছেন। গতকাল থেকে তিনি মেহেদী রনির একটি খণ্ড নাটকের কাজ শুরু করেছেন। মিম চৌধুরী অভিনয়ের পাশাপাশি নাচে ও উপস্থাপনায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন। ‘গ্লোবাল’ টিভির মিউজিক্যাল শোর নিয়মিত উপস্থাপনা করছেন তিনি।