ডিসির নতুন পরিকল্পনার অংশ হিসেবে আসছে আরেকটি ব্যাটম্যান। খবরটি সবার আগে জানিয়েছে ভ্যারাইটি। তারাই জানিয়েছে, এ সিনেমা পরিচালনা করবেন দ্য ফ্ল্যাশের পরিচালক আদ্রে মাসচিয়েতি। সিনেমার নাম হতে যাচ্ছে ‘‌ব্যাটম্যান: দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড’। গ্র্যান্ট মরিসনের কমিক অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। জানুয়ারিতে গান জানিয়েছিলেন মরিসনের এ কমিক ডিসি ইউনিভার্সের জন্য প্রভাবক হিসেবে কাজ করতে পারে।

মরিসনের গল্পটা আমাদের পরিচিত। কমিকপ্রেমীদের কাছে আরো পরিচিত। এ গল্পে ব্যাটম্যানের ছেলে ডেমিয়েন কাজ করে রবিন হিসেবে। এর মধ্য দিয়ে ব্যাটম্যান ও রবিনের মধ্যে নানা ধরনের দ্বন্দ্বও তৈরি হয়। গল্পটির একটি বৈশিষ্ট্য হলো ডিসির পাঁড় ভক্তরা মরিসনের গল্পের সূত্র ধরে আরো কিছু শাখাগল্প তৈরি করেছিলেন। ব্যাটম্যান ও রবিনের এ গল্প কমিক ও ব্যাটম্যান ভক্তদের কাছে খুবই জনপ্রিয়। জেমস গান মূলত ঠিক গল্পটিই তুলে এনেছেন, ডিসি ইউনিভার্স নতুন করে তৈরির জন্য। এছাড়া এ কাজে নিয়োগ করা পরিচালকটিও সঠিক বাছাই। কেননা মাসচিয়েতি তার সাম্প্রতিকতম সিনেমা দ্য ফ্ল্যাশ দিয়ে দর্শকের নজর কেড়েছেন। এছাড়া এ সিনেমায় একাধিক ব্যাটম্যানের উপস্থিতি, গল্পের নানা মাত্রা থাকার কারণে বোঝা যায় যে ডিসির ইউনিভার্সটি তিনি ভালোই বুঝেছেন। ফলে তার হাতে গল্পটা খেলবে ভালো।

ব্যাটম্যানের এ সিনেমার গল্প সংক্ষেপে বলা যায় ব্যাট ফ্যামিলির গল্প। সিনেমার প্রযোজনায় যুক্ত আছেন আদ্রের পরিবার। কেননা গান-স্যাফ্রানের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছেন মাসচিয়েতির বোন বারবারা। সিনেমাটি নিয়ে গান ও স্যাফ্রান ভ্যারাইটিকে বলেন, ‘‌আমরা দ্য ফ্ল্যাশ দেখেই বুঝেছিলাম, মাসচিয়েতিকে দিয়ে হবে। তিনি কেবল একজন দূরদর্শী পরিচালক নন, ডিসি কমিকসের অন্যতম বড় একজন ফ্যানও বটে। সিনেমাটি অসাধারণ হতে যাচ্ছে—একদিকে মজার, অন্যদিকে আবেগঘন, আবার একটি থ্রিলারও। অ্যান্ডি (আদ্রেকে সবাই অ্যান্ডি বলে সম্বোধন করেন) এ চরিত্রগুলোকে সম্যকভাবে চেনে। তার কাজে এর প্রমাণ পাওয়া যায়।’

আদ্রের ভূয়সী প্রশংসা করেছেন গান-স্যাফ্রান। তারা জানান, দ্য ফ্ল্যাশে আদ্রের কাজ দেখেই সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে ব্যাটম্যানের সিনেমাটি পরিচালনার ভার দেবেন। তারা বলেন, ‘‌আমাদের মাথায় একটিই নাম ছিল। সৌভাগ্য যে আদ্রে হ্যাঁ বলেছিলেন। তার সঙ্গে এগিয়ে এসেছেন বারবারা। সৌভাগ্যের কারণ যে এরা দুজন আসলে অসাধারণ একটা টিম। এর চেয়ে ভালো টিম পাওয়া সম্ভব ছিল না। দ্য ফ্ল্যাশ যেভাবে চমৎকারভাবে নির্মিত, একই ধারা মাসচিয়েতি বজায় রাখবেন এমনটাই আশা করেন গান ও স্যাফ্রান।

ব্যাটম্যান: দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড নানা কারণে গুরুত্বপূর্ণ। সিনেমাটি প্রথমত ডিসির নতুন ইউনিভার্স তৈরিতে দ্বিতীয় বা তৃতীয় ধাপের কাজ করবে। এছাড়া ব্যাটম্যানের গল্পের জন্যও এ সিনেমা বিশেষ। ১৯৯৭ সালে জর্জ ক্লুনির বিপরীতে ক্রিস ও’ডনেল অভিনয় করেছিলেন রবিন চরিত্রে। এরপর রবিনকে নিয়ে কোনো লাইভ অ্যাকশন সিনেমা হয়নি। সেদিক থেকে বলাই যাচ্ছে যে মাসচিয়েতির এ সিনেমার মধ্য দিয়ে ডিসি কমিকসের একটি ইতিহাস তৈরি হতে যাচ্ছে। রবিনকে পর্দায় দেখার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছেন ডিসি ভক্তরা। এ চরিত্রে কাকে কাস্ট করা হবে, তা নিয়ে ক্রমে ক্রমে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছে ডিসি স্টুডিওস।

সূত্র: ভ্যারাইটি