ক্যারিয়ারের সুবর্ণ সময়ের পর পরই এর পতন দেখেছেন রাজেশ খান্না। ছিলেন বলিউডের সফলতম নায়ক। বলা হয়, বলিউডের প্রথম সুপারস্টার তিনি। কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত আর নিজের খামখেয়ালিপনার কারণে দ্রুতই আসন হারিয়েছিলেন রাজেশ। সিনেমায় নিজের অবস্থান হারানোর পাশাপাশি আরো কিছু ক্ষতি হয়েছিল। তিনি অনেক প্রজেক্ট থেকে বাদ পড়েছিলেন। এর মধ্যে আছে ‘বিগ বসও’। অনুষ্ঠানটিতে যুক্ত হওয়ার কথা ছিল রাজেশ খান্নার, কিন্তু নানা কারণে তা হয়নি। রেডিফের সাংবাদিক আলি পিটার জন এ নিয়ে কথা বলেছেন।
জন বলেন, ‘একবার বিগ বসের নির্মাতারা তার সঙ্গে আমাকে একটা সাক্ষাৎপর্ব ঠিক করতে বলেন। তারা রাজেশ খান্নাকে বিগ বসে চেয়েছিলেন। কিন্তু রাজেশ বলেন, ‘‘আরে না না, রাজেশ খান্না এ রকম শো করবে নাকি”।’ তিনি আরো জানান, এ শোর প্রতি এপিসোডের জন্য কালার্স টেলিভিশন রাজেশ খান্নাকে সাড়ে ৩ কোটি রুপি পর্যন্ত দিতে আগ্রহী ছিল।
পিটার জন বলেন, ‘আমি তাকে রাজি করানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তিনি বার বার না করে দিয়েছেন। কালার্স থেকেই আমাকে বলা হয়েছিল, তারা সাড়ে ৩ কোটি রুপি পর্যন্ত দিতে রাজি। তিনি তখনো রাজি হননি।’
কিন্তু কিছুদিন পর আবার রাজেশ খান্নার মন বদল হয়। তিনি পিটারকে ফোন করেছিলেন। পিটার বলেন, ‘এর কিছুদিন পর তিনি আমাকে কল করেন। তিনি জানান যে শোটি করতে চান। কিন্তু ততদিনে রাজেশ খান্নাকে নিয়ে কালার্সের আগ্রহ কমে গেছে।’
নানা সময় ভারতে গেম, রিয়ালিটি শো হোস্ট করেছেন জনপ্রিয় অভিনেতা, সুপারস্টাররা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ হোস্ট করেছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। বিগ বস হোস্ট করেছেন সালমান খান। এর মধ্যে ২০১০ সালে বিগ বস হোস্ট করেন অমিতাভ বচ্চন। তাকে রাজেশ খান্নার রাইভাল মনে করা হয়। আলি পিটার জানান, এ সময় রাজেশ খান্না শোটিতে যাওয়ার ব্যাপারে একেবারেই অনিরাপত্তায় ভুগতেন। বিষয়টি মানসিক ছিল।
২০১২ সালে মারা যান রাজেশ খান্না। এর মাস দুয়েক আগে তার সঙ্গে পিটারের দেখা হয়। পিটারকে তিনি বলেছিলেন, ‘মদ খেয়ে যদি গালিব মারা যেতে পারে, আমি কেন পারব না?’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










