বারবি চরিত্র থেকে অনুপ্রাণিত লাইভ অ্যাকশন ‘বারবি’। অভিনয় করেছেন মার্গো রবি ও রায়ান গসলিং।‌ এ বছর হলিউডের যে সিনেমাগুলোর জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে, তার মধ্যে বারবি অন্যতম। গ্রেটা গেরউইগ পরিচালিত সিনেমাটিতে রায়ান অভিনয় করছেন কেন চরিত্রে। বারবি মানেই বিশেষ ফ্যাশান, বিশেষ পোশাক। কিন্তু সিনেমার কস্টিউম ডিজাইনার জ্যাকুলিন দুরান জানালেন, এ সিনেমা নির্মাণের সময় কেনের পোশাকের দিকে তেমন একটা নজর দেয়া হয়নি। সবার মনোযোগের কেন্দ্রে ছিল বারবি। সম্প্রতি ভোগ ইউকের সঙ্গে এক কথোপকথনে তিনি বলেন, ‘‌ কেনের কথা কেউ ভাবেনি। সবার মনোযোগ ছিল বারবির দিকে। বারবির সঙ্গে মিল রেখে কেনের পোশাক বদলে গেছে, কিন্তু পোশাক বাছাইয়ে তার অপশন ছিল কম।’

হলিউডের সিনেমায় পোশাকের নকশা করার ক্ষেত্রে দুরান এক জনপ্রিয় নাম। গ্রেটার ‘‌লিটল উইম্যান’ সিনেমার কস্টিউম ডিজাইন করার জন্য তিনি অস্কার পেয়েছিলেন। তিনি এবার বারবি করার ক্ষেত্রে রায়ানের পোশাকের জন্য আশির দশকের স্পোর্টসওয়্যারের দিকে নজর দিয়েছেন। তিনি বলেন, ‘‌ কেন চরিত্রটি খেলোয়াড়ি। এ কারণে আশির দশকের রেট্রো স্পোর্টসওয়্যারের দিকেই বেশি মনোযোগ দিয়েছি। আমাদের প্রচুর পোশাক কিনতে হয়েছে।’

বারবির জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে দুরান ও তার সহযোগীদের। খুব অল্প সময় পেয়েছিলেন তারা। তিনি জানিয়েছেন, বারবি শুরু হওয়ার পর মাত্র ১১ সপ্তাহ তারা এ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। গ্রেটা যখন শুটিং করছিলেন, তখনো কস্টিউম নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন দুরান।

অভিনেতা রায়ান গসলিংয়ের বয়স এখন ৪২ বছর। তাকে এ সিনেমায় কেন চরিত্রে কাস্ট করার ক্ষেত্রে বয়স নিয়ে আপত্তি উঠেছিল। বয়সের বিষয়টি নিয়ে জিকিউ ম্যাগাজিনের প্রশ্নের উত্তরে রায়ান বলেন, ‘‌ব্যাপারটা খুব মজার। কেউ কি আসলেও কখনো ভেবেছিল, কেনকে এ রূপে দেখবে?’ এরপর তিনি আরেকটু কঠোর হন। বলেন, 

‘‌ কেনকে নিয়ে তো কেউ ভাবেনি কখনো। যদি ভাবত, তাহলে জানত, কেন এ গল্পে অনেকটাই অবহেলিত চরিত্র। সে কারণেই নতুন করে কেনের গল্পটা বলা প্রয়োজন।’

সূত্র ও ছবি: ভ্যারাইটি