ডোয়াইন জনসনের পরিচিতি বহুমাত্রিক। রেসলিংয়ের রিংয়ে থাকা অবস্থায় ‘দ্য রক’ হিসেবে দুনিয়া কাঁপিয়েছেন দুই দশক। বর্তমানে মুগ্ধ করে যাচ্ছেন হলিউড অভিনেতা হিসেবে। রিংয়ের ভেতরে কাটানো দুই দশকের জীবনে বহু অভিজ্ঞতার পাশাপাশি দুই ডজন নামও নিয়েছেন তিনি। সম্প্রতি হওয়া এক চুক্তিতে সেসব নামের মালিকানা স্বত্ব পেলেন জনসন। অর্থাৎ এখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবেই ‘দ্য মোস্ট ইলেকট্রিফায়িং ম্যান ইন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’।
নামগুলোর স্বত্ব পেলেন মূলত টিকেও গ্রুপ হোল্ডিংয়ের সঙ্গে হওয়া একটা চুক্তির অধীনে। ডব্লিউডব্লিউই ও ইউএফসি একত্র হয়ে গঠন করেছে টিকেও। নবগঠিত প্রতিষ্ঠানটির বোর্ডে যোগ দেয়ার কথা ডোয়াইন জনসনের, এক্ষেত্রে শর্ত ছিল বুদ্ধিবৃত্তিক সম্পত্তি হিসেবে তার উপাধি ও সংশ্লিষ্টের স্বত্ব। এর আগে গত মাসে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিল, রিংয়ে ব্যবহৃত নাম ‘দ্য রক’-এর মালিকানা স্বত্ব জনসনের রয়েছে। আর সর্বশেষ প্রকাশ করা হলো ২৫ নাম ও ট্যাগলাইনের তালিকা, যা আগে ডব্লিউডব্লিউইর স্বত্ব হিসেবে পরিগণিত হতো। এখন থেকে নামগুলোর স্বত্ব পাবেন জনসন।
স্বত্ব পাওয়া নামগুলো হলো দ্য রক, রকি মাইভিয়া, টিম করপোরেট, রক ন্যাশন, দ্য ন্যাশন, রুডি পু, ক্যান্ডি অ্যাস, জ্যাবরোনি, ইফ ইউ স্মেল হোয়াট দ্য রক ইজ কুকিং, দ্য স্যামসন সেনসেশন, দ্য ব্লু চিপার, দ্য ব্রহ্মা বুল, দ্য পিপলস চ্যাম্পিয়ন, দ্য গ্রেট ওয়ান, নো ইওর রুল অ্যান্ড শাট ইউর মাউথ, টিম ব্রিং ইট, দ্য রক জাস্ট ব্রিং ইট, দ্য পিপলস এলবো, রক বটম, ফাইনালি, রক হ্যাজ কাম ব্যাক টু..., ইট ডাজন’ট মেটার হোয়াট..., ব্লু হের, দ্য মিলিয়নস, রকপোক্যালিপস, প্রজেক্ট রক ও দ্য মোস্ট ইলেকট্রিফায়িং ম্যান ইন স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
টিকেও চুক্তির অধীনে জনসন নামের পাশাপাশি সম্পর্কিত লোগো ও পরিষেবার স্বত্বও পেয়েছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডব্লিউডব্লিউইর সঙ্গে জড়িত থাকা অবস্থায় তার নেয়া সব ক’টি নাম, ক্যারিকেচার, কণ্ঠ, স্বাক্ষর, সংশ্লিষ্ট আচরণ, পোশাক বা পোশাকের অংশ ও মুকুট। এ-বিষয়ক সন্দেহ নিরসনের জন্য বলা হয়, ডব্লিউডব্লিউইর ‘রক আইপি’র অধীনে ডোয়াইন জনসনের কোনো প্রকার ফটোগ্রাফ, অডিও, ভিডিও ফুটেজ অন্তর্ভুক্ত হবে না। ডব্লিউডব্লিউইতে থাকা অবস্থায় হওয়া এসব নাম, ফটোগ্রাফ ও অডিওর স্বত্ব তার।
স্বত্বের বাইরে টিকেওর বোর্ডে যোগ দেয়ার শর্তে ডোয়াইন জনসন ৩ কোটি ডলার পেয়েছেন স্টকে। এছাড়া ২০২৩ সালের রয়্যালটি হিসেবে ৪ লাখ ৯১ হাজার ডলার পেয়েছেন। চুক্তি অনুসারে, আগামী দিনগুলোয়ও রয়্যালটি পেতে থাকবেন তিনি।
সূত্র: ভ্যারাইটি










