আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুক্রবার থেকে শুরু হয়েছে শিল্পী রাকিবুল আনোয়ারের ‘সংলগ্ন’ শীর্ষক একক শিল্প প্রদর্শনী। নবনিযুক্ত ফরাসি মনোনীত রাষ্ট্রদূত মারি মাদোপুই, বিশিষ্ট শিল্পী অধ্যাপক ঢালী আল মামুন এবং শিল্পী ও সমালোচক মোস্তফা জামানের উপস্থিতিতে প্রদর্শনীটির শুভ উদ্বোধন হয়।
রাকিবুল আনোয়ার দেশের একজন জনপ্রিয় ভিজুয়াল আর্টিস্ট। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং ও পেইন্টিং বিভাগ হতে ফাইন আর্টসে স্নাতকোত্তর সম্পন্ন করার পর বিভিন্ন শিল্পকর্ম সৃষ্টিতে যেমন নিয়োজিত আছেন, একই সঙ্গে অংশগ্রহণ করেছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনী এবং আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রামেও। এর মধ্যে উল্লেখযোগ্য ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত ২৪তম জাতীয় শিল্প প্রদর্শনী, ২১ ও ২২তম নবীন শিল্পী প্রদর্শনী, কাসেল, জার্মানি।
রাকিব আনোয়ার তার নিজ পারিপার্শ্বিকতার পরিপ্রেক্ষিতে শিল্পকর্ম রচনা করেন স্থান, সময়, আকার, কাঠামো বা অন্যান্য বিমূর্ত বিষয়কে ধারণ করে; যা তার কাজকে প্রায়ই এক রূপকধর্মী চরিত্র প্রদান করে। কোনো একটা নির্দিষ্ট বস্তুকে বিষয়বস্তু করে তার শিল্প রচনায় সে বস্তুর সময়কালের সঙ্গে সম্পর্কিত ঘটনাবলি, ব্যক্তিগত ও সামগ্রিক অনুভূতির প্রতিফলন ঘটে। এরই ধারাবাহিকতায় শহর, শহুরে উপাদান ও সে শহরের নাগরিক, বাস্তব ও কাল্পনিক কাঠামোর সমন্বয়ে রচিত রেখাচিত্রভিত্তিক শিল্পকর্মের সন্নিবেশে রাকিবুল আনোয়ারের একক শিল্প প্রদর্শনী ‘সংলগ্ন’।
জলরঙ, অ্যাক্রেলিক, কালি ও চারকোল মাধ্যমে রচিত ৪০টি চিত্রকর্ম রয়েছে এ প্রদর্শনীতে। শহর, শহুরে উপাদান ও সে শহরের নাগরিক, বাস্তব ও কাল্পনিক বিষয়গুলো উঠে এসেছে এসব চিত্রকর্মের মধ্যে।
এ প্রদর্শনীটি চলবে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত এবং এটি সবার জন্য উন্মুক্ত।










