বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। তিনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান গড়ে তুলছেন। এবার ওয়ামিকা মালয়ালম সিনেমায় প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত। আসছে তার অভিনীত মালয়ালম সিনেমা ‘টিকি টাকা’। সিনেমাটি পরিচালনায় আছেন রোহিত ভিএস। এর আগে তিনি ‘কালা’ নির্মাণ করে সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন।
টিকি টাকায় ওয়ামিকার বিপরীতে অভিনয় করছেন আসিফ আলি। এছাড়া থাকছেন কল্যাণী প্রিয়দর্শন ও নাসলেন গফুর। এটি বছরের অন্যতম প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
ওয়ামিকা মালয়ালম চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন থোভিনো থমাসের বিপরীতে। ব্যাসিল জোসেফ পরিচালিত ‘গোদা’ সিনেমায় অভিনয় করেছিলেন তারা। এপি এখনো দর্শকের মধ্যে জনপ্রিয়। প্রায় আট বছর পর তিনি আবার মালয়ালম ইন্ডাস্ট্রিতে ফিরছেন টিকি টাকার মাধ্যমে। সিনেমাটি একাধিক ভাষায় মুক্তি পাবে। এটি রোহিতের অন্যতম উচ্চাভিলাষী প্রজেক্ট।
টিকি টাকার ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর সিনেমা নিয়ে উন্মাদনা আরো বেড়েছে। পোস্টারে দেখা যায় সাতটি ছায়াময় অবয়ব। এর মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। ধোঁয়ায় ভরা শহুরে প্রেক্ষাপটে অস্ত্র হাতে এগিয়ে যাচ্ছে তারা। এ ভিজুয়াল একটি অ্যাকশন কাহিনীর ইঙ্গিত দেয়। ২০২৫ সালের বড়দিনে টিকি টাকা মুক্তি পাওয়ার কথা।
ওয়ামিকা গাব্বির ক্যারিয়া এরই মধ্যে বৈচিত্র্যময়। টিকি টাকা সেখানে একটি নতুন উল্লেখযোগ্য সংযোজন হতে যাচ্ছে। এছাড়া বর্তমানে তার হাতে নয়টির বেশি সিনেমা রয়েছে। এগুলো বিভিন্ন ভাষা ও ঘরানায় নির্মিত। বলিউডে তার আসন্ন সিনেমাগুলোর মধ্যে রয়েছে অক্ষয় কুমারের সঙ্গে হরর কমেডি ‘ভূত বাংলা’, জয়া বচ্চন ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘দিল কা দরওয়াজা খোল না ডার্লিং’ এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘পাতি পত্নী অউর ওহ টু’। তেলেগু সিনেমায় তিনি আসছেন বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবি ‘জিটু’-র মাধ্যমে।
সমালোচকদের মতো, টিকি টাকায় মুখ্য ভূমিকায় অভিনয় করে ওয়ামিকা আবারো প্রমাণ করছেন তার বহুমুখী প্রতিভা। বাণিজ্যিক বিনোদনমূলক ছবির পাশাপাশি গম্ভীর ড্রামায়ও সমান দক্ষতা নিয়ে কাজ করছেন তিনি। তার সিনেমা নির্বাচনের ধরনই বলে দেয়, তিনি ক্রমেই একজন প্যান-ইন্ডিয়া তারকায় পরিণত হচ্ছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা










