অভিনয়ের পাশাপাশি আলিয়া ভাট তার স্টাইল, ফ্যাশন দিয়েও দর্শক, গণমাধ্যমের দৃষ্টিতে থাকেন। সম্প্রতি ভারতের এক বিমানবন্দরে সবার নজর কেড়েছে তার হাতে থাকা গুচির একটি ব্যাগ।
আলিয়া পরেছিলেন নীল ডেনিম আর সাদা ক্রপড জ্যাকেট। কানে ছিল স্বর্ণের চাকতির মতো দুল আর হাতে ঘড়ি। পায়ে ছিল কালো জুতা। তবে মিডিয়ার সব নজর ছিল তার ব্যাগটির দিকে। এটা ছিল সাদা রঙের গুচি রাজাহ টোট। ব্যাগটির দাম ২ হাজার ৬৯০ মার্কিন ডলার, যা প্রায় ২ লাখ রুপির সমান; বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা।
গুচি রাজাহ টোট ছাড়াও আলিয়ার সংগ্রহে আছে আরো বেশকিছু ব্র্যান্ডের হাতব্যাগ। গোলাপি রঙের শানেল ডোভিল টোট ব্যাগ হাতে দেখা গেছে আলিয়াকে। এ ব্যাগের দাম প্রায় ২ হাজার ৭০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২ লাখ রুপি। আছে হলুদ রঙের অ্যানা হিমাচ। ব্যাগটির দাম ২ হাজার ৩৫০ মার্কিন ডলার। ঘুরতে গেলে তার কাঁধে যে লাল ব্যাকপ্যাকটি থাকে সেটা ফরাসি ব্র্যান্ড ব্যালেন্সিয়াগার। এর দাম সাড়ে ছয়শ ডলার। আলিয়ার আরো আছে ফরাসি ব্র্যান্ড জিভশির ব্যাম্বি প্রিন্ট ব্যাগ। এ ব্যাগের দাম ১ হাজার ৩০০ ডলার।
বর্তমানে আলিয়া ভাট কাজ করছেন সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাই কাথিয়াবাড়ি ছবিতে। হুসাইন জাইদির জনপ্রিয় বই মাফিয়া কুইন অবলম্বনে নির্মিত হচ্ছে এ ছবি। তারকাবহুল ব্রহ্মাস্ত্র ছবিতে দেখা যাবে আলিয়াকে। এছাড়া দক্ষিণি একটি বড় ছবি আছে আলিয়ার হাতে। এসএস রাজমৌলির আরআরআর ছবির জন্যও কাজ করছেন আলিয়া। এ ছবিতে তার সঙ্গে দেখা যাবে অজয় দেবগন ও দক্ষিণের তারকা রাম চরণকে।
সূত্র: বলিউড হাঙ্গামা ও ভোগ ইন্ডিয়া










