মারা গেছেন খ্যাতিমান চলচ্চিত্রকার প্রযোজক, পরিচালক ও পরিবেশক শফি বিক্রমপুরী। ব্যাংককে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ভোর ৪টায় চির বিদায় নিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। 

শফি বিক্রমপুরীর জন্ম মুন্সীগঞ্জে। এরপর তিনি পরিবারের সঙ্গে ঢাকায় এসে বসবাস শুরু করেন। তার ক্যারিয়ার শুরু হয় একজন পরিবেশক হিসেবে। ১৯৬৪ সালে হলিউডের সিনেমা পরিবেশনার মধ্য দিয়ে পরিবেশনা ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি। ১৯৬৫ সালে ‘‌গুনাই বিবি’ সিনেমার একজন সহপ্রযোজক ছিলেন শফি বিক্রমপুরী। ১৯৭২ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমাটির পরিবেশনা করেন তিনি। 

এরপর প্রযোজক হিসেবে কাজ করেন শফি বিক্রমপুরী। তার প্রযোজনায় নির্মিত ‘‌বাহাদুর’, ‘‌ডাকু মনসুর’ ও ‘‌রাজ দুলারী’ নির্মিত হয়। এ সিনেমাগুলো মুক্তির পর বাংলাদেশের সিনেমা ব্যবসায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ১৯৭৮ সালে ‘‌রাজ দুলারী’ নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। সিনেমা নির্মাণের ক্ষেত্রেও সফল হন তিনি। 

এরপর শফি বিক্রমপুরী নির্মাণ করেন ‘‌সবুজ সাথী’, ‘‌দেনমোহর’, ‘‌সকাল সন্ধ্যা’, ‘‌মাটির কোলে’, ‘‌শশী পুন্নু’, ‘‌জজ সাহেব’। ১৯৮৯ সালে ঢাকার মালিবাগে ‘পদ্মা’ ও ‘সুরমা’ নামে দুটি সিনেমা হল নির্মাণ করেছিলেন তিনি, যা ওই সময়ে দর্শকে মুখর থাকত। 

বেশকিছু দিন অসুস্থ থাকার পর তাকে ব্যাংককে নেয়া হয়েছিল চিকিৎসার জন্য। রাজধানীর গুলশানে বসবাস করতেন তিনি। পরিচালক অপূর্ব রানা জানান, মুন্সীগঞ্জে আজ বাদ আসর বাদ মাগরিব নামাজে জানাজার পর তার নিজের নির্মিত মসজিদের পাশে কবর দেয়া হবে।