আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযাত্রা শুরু করেছিল সরকারি অনুদানের সিনেমা ‘নকশি কাঁথার জমিন’। এবারে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় জয়া আহসান অভিনীত সিনেমাটি। টিএম ফিল্মস প্রযোজিত সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নী। নকশি কাঁথার জমিন পরিচালনা করেছেন আকরাম খান।
ফারজানা মুন্নী বলেন, ‘টিএম ফিল্মস আন্তর্জাতিক মানের দেশীয় সিনেমা নির্মাণের স্বপ্ন নিয়ে যাত্রা হয়েছিল। আমরা চেয়েছিলাম আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি সিনেমা প্রযোজনার মধ্য দিয়ে আমাদের টিএম ফিল্মসের যাত্রা হোক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘নকশি কাঁথার জমিন’ এর প্রযোজনা সহযোগী হয়েছি আমরা। আন্তর্জাতিক পরিসরে নানা প্রশংসা ও সম্মান বয়ে এনেছে এটি। সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে, এটা আমাদের জন্য আনন্দের। দেশের বড় পর্দায়ও সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি আমরা।’
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা আকরাম খান। হাসান আজিজুল হকের জন্ম পশ্চিমবঙ্গে হলেও দেশভাগ তাকে ছিন্নমূল করেছে। যার কিছু বেদনা উঠে এসেছে বিধবাদের কথার মধ্য দিয়ে। সময় ও পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে চলা সর্বহারা দুই বোনের জীবন ও লড়াই নিয়েই এই গল্প।
শুরুতে সিনেমাটির নাম ‘বিধবাদের কথা’ থাকলেও পরে তা পরিবর্তন করা হয়। এর আগে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে আকরাম খানের ‘খাঁচা’য় অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন জয়া। আর নকশি কাঁথার জমিনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
সম্প্রতি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় নকশি কাঁথার জমিন। এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনে নকশি কাঁথার জমিন।
নকশি কাঁথার জমিন সিনেমাটি ২০১৮-১৯ সালের সরকারি অনুদানপ্রাপ্ত। দুই বিধবা বোনের জীবনসংগ্রামের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের এক রক্তঝরা অধ্যায় উঠে এসেছে এ সিনেমায়।










