তুফান সিনেমার শেষের দিকে ‘তুফান টু’-এর পূর্বাভাস দেয়া হয়েছে। রাফীও জানিয়েছিলেন তুফান টু আসবে। এবার জানা গেল সিনেমাটি আসার কথা এবং কারা থাকছেন তুফান টুয়ে।

তুফান সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরো আছেন চঞ্চল চৌধুরী। গত ১৭ জুন মুক্তির পর থেকেই রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’ আলোচিত হয়ে আসছে। বাংলাদেশের পর বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি। সেখানেও একই রকম দর্শকের সাড়া মিলেছে। মুক্তির পর থেকেই অনেক দর্শকের প্রশ্ন, তুফানের সিকুয়াল কবে আসবে? রায়হান রাফী এখন আছেন যুক্তরাষ্ট্র সফরে, এ বিষয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখান থেকে তিনি জানান, দেশে ফিরেই তুফানের সিকুয়ালের কাজ শুরু করবেন, আপাতত তেমন ভাবনাই রয়েছে। প্রযোজনা সংস্থা সে অনুযায়ী সিকুয়ালের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এবার আরো বড় করে ফিরবে তুফান। সিনেমাটির প্রায় সব অভিনয়শিল্পী থাকবেন তুফান টুয়ে। এছাড়া কলকাতার প্রথম সারির আরো তারকা থাকতে পারেন এ ছবিতে। আর মিমি চক্রবর্তী? এ প্রসঙ্গে রাফীর বক্তব্য, ‘দেখুন, আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে এ ছবিতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও।’ ছবির যে সিকুয়াল হচ্ছে, তা গত শুক্রবার নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন মিমি। ছবির সাফল্যে তিনিও ছুটির মেজাজে। অভিনেত্রী পাড়ি দিয়েছেন ভারতের উত্তরবঙ্গে, জলপাইগুড়িতে। সেই ছবিও ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে।